দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. ফয়সাল (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী তরুণ নিহত হয়েছেন। আজ সোমবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের ছগুড়া-হাতিমারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়সাল পার্শ্ববর্তী বুড়িচং উপজেলার পারুয়ারা গ্রামের প্রবাসী খোরশেদ আলমের বড় ছেলে। তিনি দেবিদ্বার জেলা পরিষদ মার্কেটের একটি কাপড়ের দোকানে কাজ করতেন এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দেবিদ্বারগামী মোটরসাইকেলটির সঙ্গে কুমিল্লাগামী মর্ডান পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক ফয়সাল ঘটনাস্থলেই প্রাণ হারান। প্রবাসী বাবার সংসারে আয় বন্ধ থাকায় অল্প বয়সেই হাল ধরেছিলেন ফয়সাল। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।
মিরপুর হাইওয়ে থানার ইনচার্জ মো. আনিছুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক বাসটি এখনো সনাক্ত করা যায়নি। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব