বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট সদর উপজেলায় নেতিবাচক জেন্ডার স্টেরিওটাইপ মোকাবিলা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বাগেরহাট শহরের হোটেল ধানসিঁড়িতে ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইক্যুয়ালিটি’ প্রকল্পের আওতায় জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এবং সিডো'র ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় প্রশাসন, সরকারি বিভিন্ন দপ্তর, সুশীল সমাজ, শিক্ষক, সাংবাদিক, ধর্মীয় গুরু, নারী উদ্যোক্তা ও যুব প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডোর সভাপতি মোঃ মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী, বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার বকসী এবং শহর সমাজসেবা কার্যালয়, বাগেরহাটের সমাজসেবা কর্মকর্তা এস এম নাজমুছ সাকিব।
এ ছাড়া যুব উন্নয়ন অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও বাংলাদেশ পুলিশের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সিডোর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক খান আসাদুর রহমান, অর্থ সম্পাদক অমিত দাস শুভ্রসহ অন্যান্য সদস্য।
আলোচনায় সমাজে প্রচলিত নেতিবাচক জেন্ডারভিত্তিক ধারণা, সামাজিক কুসংস্কার, নারী-পুরুষের বৈষম্য ও বাল্যবিবাহের মতো সামাজিক সমস্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে নারী ও কিশোরীদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, সরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
বক্তারা জেন্ডার সমতা প্রতিষ্ঠায় সামাজিক সচেতনতা বৃদ্ধি, ইতিবাচক দৃষ্টিভঙ্গির বিকাশ এবং সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্ব দেন। তাঁরা মনে করেন, তরুণদের সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমাজে বিদ্যমান বৈষম্য ও নেতিবাচক সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
আয়োজকদের মতে, এ ধরনের অ্যাডভোকেসি ডায়ালগ স্থানীয় পর্যায়ে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করা, অংশীজনদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং জেন্ডার সমতা প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণের পথ সুগম করবে।
একটি বৈষম্যহীন, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সংশ্লিষ্ট সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন—এমন প্রত্যাশার মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শেষ হয়।
রিপোর্টার্স২৪/ধ্রুব