বগুড়া প্রতিনিধি: বগুড়া,মঙ্গলবার (১৩ অক্টোবর) ২০২৬: “ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বগুড়া ইউনিটের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। জার্মান রেড ক্রস ও সুইচ রেড ক্রসের সহায়তায় মঙ্গলবার সকাল ৯টা ৩০ মিনিটে বগুড়া রেড ক্রিসেন্ট কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরবর্তীতে জেলা প্রশাসন, বগুড়া আয়োজিত দুর্যোগ প্রস্তুতিবিষয়ক মহড়া ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন রেড ক্রিসেন্টের নেতৃবৃন্দ, কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বগুড়া ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব রেজাউল করিম বাদশা; বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বগুড়া ইউনিটের চেয়ারম্যান ও বগুড়া জেলা পরিষদের প্রশাসক জনাব এ. কে. এম. আহসানুল তৈয়ব জাকির; ইউনিটের ভাইস চেয়ারম্যান জনাব জয়নাল আবেদীন চান এবং কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব এ. কে. এম. তৌহিদুল আলম মামুন, জনাব এইচ. এস. মাফতুন আহম্মেদ খান রুবেল, জনাব মো. আবিদুর রহমান সোহেল, জনাব মো. মাহফুজুল হক ও জনাবা রাশেদা খাতুন রানী।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বগুড়া ইউনিটের ইউনিট লেভেল অফিসার জনাব শিকদার রাহাত ইসলাম, সুইস রেড ক্রসের প্রতিনিধি জনাব অমল কুমার প্রামাণিক, যুব রেড ক্রিসেন্টের প্রতিনিধি জনাব মো. ইমন বাবু এবং যুব রেড ক্রিসেন্টের প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবক।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বগুড়া ইউনিট দুর্যোগ প্রস্তুতি, ঝুঁকি হ্রাস এবং মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে দুর্যোগে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। এ ধরনের কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, মানবিক সংস্থা ও স্বেচ্ছাসেবকদের মধ্যে সমন্বয় জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দুর্যোগ মোকাবিলায় শুধু দুর্যোগকালীন সাড়া প্রদান নয়, বরং দুর্যোগের আগেই প্রস্তুতি গ্রহণ, ঝুঁকি চিহ্নিতকরণ এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা জরুরি। এ লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বগুড়া ইউনিট ভবিষ্যতেও জনসচেতনতা বৃদ্ধি, স্বেচ্ছাসেবকদের সক্ষমতা উন্নয়ন এবং দুর্যোগ সহনশীল সমাজ গঠনে কার্যক্রম অব্যাহত রাখবে।
রিপোর্টার্স২৪/ঝুম