মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যদের নিয়ে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে গাংনী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তামান্না ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মেহেরপুর জেলা কমান্ড্যান্ট আল-আমিন। এ সময় উপস্থিত ছিলেন সার্কেল অ্যাডজুট্যান্ট চায়না খাতুন এবং গাংনী উপজেলা প্রশিক্ষক রাকিবুল ইসলাম সজীব।
ব্রিফিংয়ে প্রধান অতিথি গাংনী উপজেলার ১৯টি পূজামণ্ডপের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১২৪ জন আনসার সদস্যকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, দায়িত্ব পালনে সতর্ক থাকা এবং যেকোনো পরিস্থিতিতে দায়িত্বশীল ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলার ১৯টি পূজামণ্ডপের মধ্যে পাঁচটিকে অধিক গুরুত্বপূর্ণ, সাতটিকে গুরুত্বপূর্ণ এবং সাতটিকে সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব মণ্ডপের নিরাপত্তায় ২৪ জন সহকারী সেকশন কমান্ডার, ৩৮ জন নারী আনসার ও ভিডিপি সদস্য এবং ৬২ জন পুরুষ সদস্য দায়িত্ব পালন করবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা নিজ নিজ পূজামণ্ডপে ২৪ ঘণ্টা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।
রিপোর্টার্স২৪/রাফিদ