স্টাফ রিপোর্টার: একসময় নিয়মিত পর্দায় দেখা গেলেও বর্তমানে আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার সেই ব্যস্ততা কমেছে। লাইট-ক্যামেরা-অ্যাকশনের গ্ল্যামার দুনিয়ায় অনিয়মিত হলেও কর্পোরেট দুনিয়ায় বেড়েছে তার ব্যস্ততা। তাই অভিনয়কে আপাতত ‘সেকেন্ড অপশন’ হিসেবে দেখছেন এই অভিনেত্রী।
জানা গেছে, গত দেড় বছর ধরে একটি ইলেকট্রনিকস কোম্পানিতে পরিচালক হিসেবে কাজ করছেন প্রভা। তাই বর্তমানে অভিনয়কে প্রধান পেশা হিসেবে না দেখে ‘সেকেন্ড অপশন’ হিসেবে বিবেচনা করছেন তিনি। অভিনয়ে ফেরা কিংবা নিয়মিত কাজ করা নিয়ে তার কোনো তাড়াহুড়া নেই। ভালো গল্প, ভিন্নধর্মী চরিত্র কিংবা উপযুক্ত পারিশ্রমিক পেলেই কাজ বেছে নেন এই অভিনেত্রী।
সরকারি অনুদানের দুটি সিনেমায় অভিনয় করেছেন প্রভা। এর মধ্যে একটি ঝুমুর আসমা জুঁই পরিচালিত ‘দুই পয়সার মানুষ’, অন্যটি সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’। সিনেমা দুটির দৃশ্যধারণের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। চলতি বছরের মধ্যেই কাজ শেষ হবে বলে জানা গেছে।
এ ছাড়া সম্প্রতি ওটিটিতে প্রচারিত ‘লুক আ লাইক’ নামের একটি নাটকে অভিনয় করেও বেশ আলোচনায় আসেন প্রভা। এতে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন তিনি। আহমেদ শাকিল নিসানের পরিচালনায় ‘বর্তমান’ নামের আরেকটি নাটকেও তার অভিনয় প্রশংসিত হয়েছে।
পাশাপাশি ধারাবাহিক নাটক ‘পরের মেয়ে’তেও অভিনয় করছেন প্রভা। নাটকটি বর্তমানে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচারিত হচ্ছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব