স্টাফ রিপোর্টার: অক্টোবরের শেষভাগে এসে দেশের বিভিন্ন এলাকায় ভোরের দিকে হালকা কুয়াশার দেখা মিলছে। এরই মধ্যে সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে, তবে আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকতে পারে।
শুক্রবার (২৩ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ফলে সামগ্রিক আবহাওয়ায় বড় কোনো পরিবর্তনের আশঙ্কা নেই।
এদিকে আবহাওয়া অফিস আরও জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে এটি ঘনীভূত হয়ে শক্তিশালী হতে পারে।
তবে লঘুচাপ তৈরি হলেও আপাতত দেশের মূল ভূখণ্ডে এর বড় কোনো প্রভাব পড়ছে না এবং আবহাওয়া শুষ্কই থাকছে। পরিস্থিতির বড় কোনো পরিবর্তন হলে পরবর্তীতে বুলেটিনের মাধ্যমে তা জানানো হবে বলে নিশ্চিত করেছে আবহাওয়া দপ্তর।
রিপোর্টার্স২৪/রাফিদ