বেনাপোল প্রতিনিধি: ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইউসুফ (২০) নামে এক যুবকের বিরুদ্ধে যশোরে মামলা হয়েছে। ভুক্তভোগীর বাবার করা নালিশি অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালতের আদেশে কোতোয়ালি থানায় নিয়মিত মামলা হিসেবে মামলা রেকর্ড করা হয়েছে।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী যশোর সদর উপজেলার কাশিমপুরের একটি স্কুলের ছাত্রী। স্কুলে যাওয়া-আসার পথে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে ফুসলিয়ে আসছিলেন অভিযুক্ত ইউসুফ।
গত ৩ অক্টোবর সকাল আনুমানিক ৯টার দিকে বাড়িতে কোনো পুরুষ সদস্য না থাকার সুযোগে ওই ছাত্রীকে একটি মাইক্রোবাসে করে অভিযুক্তের বাড়িতে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বেলা ১১টার দিকে বিষয়টি জানতে পেরে মেয়েকে আনতে অভিযুক্তের বাড়িতে যান তার বাবা। এ সময় মেয়েকে ফেরত চাইলে অভিযুক্ত তাকে বিয়ে করার পর ফেরত দেওয়ার কথা বলেন বলে অভিযোগ করেন বাদী।
পরবর্তী সময়ে বিভিন্ন নিকাহ রেজিস্ট্রারের কাছে খোঁজ নিয়ে এমন বিয়ের কোনো তথ্য পাননি বলে দাবি করেন বাদী। তার অভিযোগ, অভিযুক্ত তার নাবালিকা মেয়েকে ফুসলিয়ে বা তার ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপন করে ধর্ষণ করেছেন।
অভিযোগে আরও বলা হয়েছে, মেয়েকে উদ্ধারের চেষ্টা ব্যর্থ হওয়ার পর গত ৪ অক্টোবর যশোর কোতোয়ালি থানায় মামলা করতে গেলে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে যশোরের বিজ্ঞ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে নালিশি অভিযোগ দায়ের করেন তিনি।
বাদী তার মেয়েকে উদ্ধার, চিকিৎসা পরীক্ষা ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে ঘটনার সত্যতা যাচাই এবং মেয়েকে নিজের হেফাজতে ফিরিয়ে দেওয়ার আবেদন জানান। আদালতের আদেশে অভিযোগটি থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড হয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব