জয়পুরহাট জেলা প্রতিনিধি: আলুর উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক ও উন্নত জাতের বীজ আলু চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে জয়পুরহাটে বর্ণাঢ্য র্যালি ও রোড শোর আয়োজন করেছে এসিআই সিড।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনব্যাপী এ কর্মসূচিতে জেলার দুই শতাধিক বীজ ডিলার, খুচরা বিক্রেতা ও অগ্রগামী কৃষক অংশ নেন।
বাংলাদেশের অন্যতম বৃহৎ বীজ উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান এসিআই সিডের আয়োজনে আলু উৎপাদনে দেশের অন্যতম শীর্ষ জেলা জয়পুরহাটে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এসিআই সিডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের বিজনেস ডিরেক্টর সুধীর চন্দ্র নাথ, গবেষণা ও উন্নয়ন এবং পরিচালন বিভাগের পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান, বিজনেস ম্যানেজার একেএম শাহিনুর রহমান, পোর্টফোলিও ম্যানেজারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
চলতি ২০২৬-২৭ অর্থবছরে এসিআই সিড মোট নয়টি জাতের বীজ আলু বাজারজাত করছে। এর মধ্যে রয়েছে দেশের জনপ্রিয় ডায়ামন্ট ও এসটেরিক্স জাত। পাশাপাশি প্রতিষ্ঠানটির নিজস্ব জাত ভ্যালেন্সিয়া, এসিআই ফ্রাই আলু-২, এসিআই আলু-১৪, এসিআই আলু-১৯, এসিআই পাকরি-১ ও এসিআই পাকরি-২।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, নেদারল্যান্ডস থেকে আমদানি করা প্রক্রিয়াজাতকরণ উপযোগী নতুন জাত ভ্যালেন্সিয়ার বীজ উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে। জাতটি ইতোমধ্যে দেশের কৃষকদের মধ্যে সাড়া ফেলেছে। প্রচলিত ডায়ামন্ট জাতের তুলনায় ভ্যালেন্সিয়ার ফলন প্রায় ৩৮ শতাংশ বেশি বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
এসিআই সিডের তথ্য অনুযায়ী, ভ্যালেন্সিয়া জাতের আলু টেবিলে খাওয়ার পাশাপাশি শিল্পকারখানায় প্রক্রিয়াজাতকরণের জন্যও উপযোগী। এ জাতের আলুতে শুষ্ক পদার্থের পরিমাণ প্রায় ২২ দশমিক ৫ শতাংশ এবং তেল শোষণের হার ৩ শতাংশের কম। এ ছাড়া জাতটির প্রায় ৭০ শতাংশ আলুর ওজন ৮০ গ্রামের বেশি হওয়ায় রপ্তানির বাজারেও সম্ভাবনা রয়েছে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
রিপোর্টার্স২৪/ঝুম