নারায়ণগঞ্জ প্রতিনিধি: ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল, আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় নগরীর ডিআইটি মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির ও দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল কাইয়ুমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার হামলায় সংঘটিত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে দেশে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। তাঁরা ঘটনার মূল পরিকল্পনাকারী ও হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা আরও বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পাশাপাশি গণভোটের রায় কার্যকর করতে হবে। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং পিলখানা ও শাপলা চত্বরসহ অতীতের সব হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।
আলোচনা সভা শেষে ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনের ঘটনাবলি নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
রিপোর্টার্স২৪/ধ্রুব