নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও তাঁর ছয় বছর বয়সী ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারী গুরুতর আহত হয়েছেন। তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শুক্রবার কেন্দুয়া-নেত্রকোণা সড়কের দুর্গাপুর মোড়ের কাছে লাহেড়ী বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের আমতলী গ্রামের বাসিন্দা মাহমুদুল হক শাহীন ওরফে শাহীন সরকার (৪০) ও তাঁর ছেলে রাজিন (৬)। শাহীন কেন্দুয়া সাব-রেজিস্ট্রি অফিসের একজন দলিল লেখক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দুয়া-নেত্রকোণা সড়কের লাহেড়ী বাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাবা-ছেলেসহ এক নারী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহীন ও তাঁর ছেলে রাজিনকে মৃত ঘোষণা করেন। আহত নারীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
কেন্দুয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে এবং এক নারী গুরুতর আহত হয়েছেন। নিহত বাবা-ছেলের মরদেহ কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
রিপোর্টার্স২৪/ঝুম