বিনোদন ডেস্ক: বলিউডের তারকা সন্তান ইব্রাহিম আলী খান ও অভিনেত্রী পলক তিওয়ারিকে ঘিরে দীর্ঘদিন ধরেই প্রেমের গুঞ্জন। একসঙ্গে ঘোরাঘুরি, রেস্তোরাঁয় যাওয়া কিংবা ছুটি কাটানো বিভিন্ন সময় তাদের একসঙ্গে দেখা গেছে। যদিও নিজেদের সম্পর্কের কথা কখনো প্রকাশ্যে স্বীকার করেননি তারা। এবার সেই আলোচিত সম্পর্কের ইতি টানার খবর সামনে এসেছে। তিন বছরেরও বেশি সময়ের সম্পর্ক থেকে নাকি বেরিয়ে এসেছেন ইব্রাহিম ও পলক।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুজনই পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে বন্ধুত্বপূর্ণভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিচ্ছেদের উদ্যোগ নিয়েছেন ইব্রাহিম এমনটিও দাবি করা হয়েছে প্রতিবেদনে। তবে ব্যক্তিগত এই বিষয় নিয়ে প্রকাশ্যে কোনো ধরনের আলোচনা করতে আগ্রহী নন তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ঠিক কী কারণে তাদের সম্পর্কে বিচ্ছেদ ঘটেছে, তা জানা যায়নি। তবে দুজনের মধ্যে কোনো ধরনের তিক্ততা তৈরি হয়নি। ব্যক্তিগত বিষয় নিয়ে প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে কথা বলা কিংবা কাদা ছোড়াছুড়ির কোনো পরিকল্পনাও নেই তাদের। আপাতত দুজনই নিজেদের কাজ ও ক্যারিয়ারে মনোযোগ দিতে চান।
শুধু ব্যক্তিগত সম্পর্কেই নয়, তাদের পেশাগত পরিকল্পনাতেও নাকি প্রভাব ফেলেছে এই সিদ্ধান্ত। একসঙ্গে কয়েকটি শুটিং করার পরিকল্পনা ছিল ইব্রাহিম ও পলকের। তবে বিচ্ছেদের পর সেসব কাজের কিছু বাতিল করা হয়েছে, আর কিছু অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে বলে দাবি করেছে সূত্রটি।
ইব্রাহিম ও পলকের সম্পর্ক নিয়ে প্রথম আলোচনা শুরু হয় ২০২২ সালে। ওই বছর মুম্বাইয়ের একটি রেস্তোরাঁ থেকে দুজনকে একসঙ্গে বের হতে দেখা যায়। সে সময় পাপারাজ্জিদের ক্যামেরা এড়াতে পলককে মুখ লুকাতে দেখা যাওয়ার পর থেকেই তাদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে বিভিন্ন অনুষ্ঠান, রেস্তোরাঁ ও অবকাশযাপনে একসঙ্গে দেখা যাওয়ায় সেই আলোচনা আরও জোরালো হয়।
পলক তিওয়ারি টেলিভিশন অভিনেত্রী শ্বেতা তিওয়ারির মেয়ে। অন্যদিকে ইব্রাহিম আলী খান বলিউড অভিনেতা সাইফ আলী খান ও অভিনেত্রী অমৃতা সিংয়ের ছেলে। পারিবারিক পরিচয়ের পাশাপাশি নিজেদের অভিনয়জীবন নিয়েও এগিয়ে যাচ্ছেন দুজন।
তবে এতদিন প্রেমের গুঞ্জন নিয়ে নীরব থাকার মতো এবার বিচ্ছেদের খবর নিয়েও মুখ খোলেননি ইব্রাহিম কিংবা পলক। ফলে তাদের সম্পর্কের সমাপ্তির খবরটি এখনো সংবাদমাধ্যমে প্রকাশিত সূত্রের বরাতেই আলোচনায় রয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
রিপোর্টার্স২৪/ঝুম