রিপোর্টার্স২৪ ডেস্ক: এ বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার কমেছে। পাসের হারে এবার শীর্ষে রয়েছে ঢাকা বোর্ড।
অন্যদিকে সর্বনিম্ন পাসের হার বরিশাল বোর্ডে। শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফলে এ চিত্র পাওয়া গেছে।
প্রকাশিত ফল অনুযায়ী, ঢাকা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ। গত বছর এ হার ছিল ৬৪ দশমিক ৬২ শতাংশ।
আর বরিশাল বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৮৪ শতাংশ, যা গত বছরের ৬২ দশমিক ৫৭ শতাংশের তুলনায় ১৭ দশমিক ৭৩ শতাংশ পয়েন্ট কম। বোর্ড দুটির পাসের হারের ব্যবধান এবার ১৬ দশমিক ৯৬ শতাংশ পয়েন্ট।
৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার ১০ লাখ ৪৮ হাজার ৫৩০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫ লাখ ৪১ হাজার ২৪৯ জন। পাসের হার ৫১ দশমিক ৬২ শতাংশ।
গত বছর এ হার ছিল ৫৭ দশমিক ১২ শতাংশ। বোর্ডভিত্তিক ফলে রাজশাহীতে পাসের হার ৪৫ দশমিক ০৬, দিনাজপুরে ৪৫ দশমিক ৯৮, কুমিল্লায় ৪৮ দশমিক ০৪, যশোরে ৪৪ দশমিক ৯২, চট্টগ্রামে ৫২ দশমিক ০৭, সিলেটে ৫০ দশমিক ৯০ এবং ময়মনসিংহে ৫১ দশমিক ৪৪ শতাংশ।
জিপিএ ৫ পাওয়ার সংখ্যাও কমেছে উল্লেখযোগ্য হারে। এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে ৩৫ হাজার ৯৪৮ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। গত বছর এ সংখ্যা ছিল ৬৩ হাজার ২১৯।
এদিকে মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৪৯ দশমিক ৪৩ শতাংশ। সব মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ, গত বছর যা ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ।
এবার প্রথমবারের মতো দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর আগে বোর্ডভেদে আলাদা প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হতো।
রিপোর্টার্স২৪/ঝুম