স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্টন কালভার্ট রোডে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাবেক প্রধান ছিবগাত উল্লাহর ব্যক্তিগত গাড়ির চাপায় এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন সাবেক এই সিআইডি প্রধানের ছেলে।
শনিবার (৩১ অক্টোবর) রাতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। বর্তমানে আহত রিকশাচালক হাসপাতালে মৃত্যুশয্যায় রয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে পল্টন কালভার্ট রোড এলাকায় একটি দ্রুতগামী প্রাইভেটকার এক রিকশাচালককে চাপা দেয়। পরে নিশ্চিত হওয়া যায় যে, ঘাতক গাড়িটি সিআইডির সাবেক প্রধান ছিবগাত উল্লাহর ব্যক্তিগত গাড়ি এবং ঘটনার সময় গাড়িটির স্টিয়ারিংয়ে ছিলেন তার ছেলে।
দুর্ঘটনার পরপরই আহত রিকশাচালককে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
এদিকে খবর পেয়ে পল্টন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি জব্দ করে থানা হেফাজতে নিয়ে গেছে। ঘটনার পর পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব