শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনসংলগ্ন মুন্সীগঞ্জ ইউনিয়নে বনদস্যু নির্মূল ও জেলে-বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে হাজারো জেলে, বাওয়ালি ও স্থানীয় বাসিন্দা অংশ নিয়ে সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবি জানান।
রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় মুন্সীগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে এলাকায় বনদস্যুবিরোধী প্রতিবাদ ও নিরাপত্তার দাবি জোরালো হয়ে ওঠে।
সুন্দরবন উপকূলীয় এলাকার মানুষের জীবিকা নির্বাহের অন্যতম প্রধান অবলম্বন মাছ ধরা, কাঁকড়া আহরণ ও বনজ সম্পদ সংগ্রহ। জীবিকার তাগিদে প্রতিদিন অসংখ্য জেলে ও বাওয়ালি সুন্দরবনের নদী-খালে প্রবেশ করেন। তবে বনদস্যুদের অপতৎপরতা, অপহরণ ও মুক্তিপণ আদায়ের আতঙ্ক তাঁদের জীবন-জীবিকাকে ঝুঁকির মুখে ফেলছে বলে উদ্বেগ প্রকাশ করেন স্থানীয়রা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা সুন্দরবনকে বনদস্যুমুক্ত করা, জেলে-বাওয়ালিদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপহরণ ও মুক্তিপণ আদায়ের মতো অপরাধ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। তাঁদের মতে, সুন্দরবনের ওপর নির্ভরশীল উপকূলীয় মানুষের জীবিকা রক্ষায় বনদস্যুদের বিরুদ্ধে কঠোর ও সমন্বিত অভিযান পরিচালনা করা জরুরি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ জলিল গাজী। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ইউনিয়ন যুগ্ম আহ্বায়ক অমেদ আলী, আবু হামজা, রাজ্জাক সরদার, আব্দুল খালেক গাজী, আবু জাফর পিন্টু, ইউনিয়ন জামায়াতের আমির আবুল হোসেন এবং ইউপি সদস্য জাহাঙ্গীর সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সমাবেশে বক্তারা বলেন, সুন্দরবন শুধু প্রাকৃতিক সম্পদের আধার নয়, এটি উপকূলীয় হাজারো পরিবারের জীবন-জীবিকার অন্যতম অবলম্বন। বনদস্যুদের ভয়ে জেলে ও বাওয়ালিরা যাতে জীবিকার সন্ধানে বনে যেতে আতঙ্কিত না হন, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়াতে হবে।
তাঁরা আরও বলেন, অপহৃত জেলেদের দ্রুত উদ্ধার, বনদস্যুদের দমন এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। একই সঙ্গে সুন্দরবনের নদী-খালে নিরাপদে যাতায়াত এবং নির্বিঘ্নে মাছ ও কাঁকড়া আহরণের পরিবেশ নিশ্চিত করতে হবে।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার পাশাপাশি উপকূলীয় মানুষের জানমাল ও জীবিকা রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানানো হয়।
রিপোর্টার্স২৪/ধ্রুব