গাজীপুর প্রতিনিধি: পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে গাজীপুরের কালিয়াকৈরে বাড়ি ও ফ্ল্যাট মালিকদের সতর্ক করে গণবিজ্ঞপ্তি জারি করেছে উপজেলা প্রশাসন। ভাড়াটিয়াদের বাসায় বহিরাগত ব্যক্তি বা অপরাধ চক্রের সদস্যদের অবস্থানের তথ্য পেলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ জানানো হয়েছে।
সোমবার (২ নভেম্বর) কালিয়াকৈর পৌরসভা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাড়ি বা ফ্ল্যাটের ভাড়াটিয়ারা নিজ পরিবারের সদস্যদের বাইরে অন্য কোনো বহিরাগতকে আশ্রয় দিলে কিংবা কোনো বহিরাগত অপরাধ চক্রের সদস্য বাসা ভাড়া নিয়ে অবস্থান করলে দ্রুত কালিয়াকৈর থানা অথবা উপজেলা প্রশাসনকে অবহিত করতে হবে।
এতে আরও বলা হয়, বিষয়টি দ্রুত প্রশাসনকে জানানোর জন্য বাড়ির মালিকদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। অন্যথায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এর দায়ভার সংশ্লিষ্ট বাড়ির মালিকদের ওপর বর্তাবে। গণবিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অতি জরুরি’ উল্লেখ করে বাড়ির মালিকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, শ্রমিকদের মধ্যে বহিরাগতরা প্রবেশ করে যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যায়, সে লক্ষ্যেই এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
উল্লেখ্য, গত কয়েক দিন ধরে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ চলছে। এ আন্দোলনের প্রভাব বিশেষ করে কালিয়াকৈর এলাকায় বেশি পড়েছে।
রিপোর্টার্স২৪/রাফিদ