বাগেরহাট প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাট আগমন উপলক্ষে উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য আনন্দ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে বাগেরহাট জেলা বিএনপির উদ্যোগে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলকে ঘিরে জেলা শহরের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
সকালে খানজাহান আলী মাজার এলাকা থেকে আনন্দ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি বাগেরহাট-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে মাজার মোড়ে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা দলীয় স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা। মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস ও প্রাণচাঞ্চল্য।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আরাপ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক হাদিজুজ্জামান হিরো, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, সাধারণ সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক।
এ ছাড়া উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মান্না, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সরদার জসীমউদ্দীন, সাবেক সদস্য সচিব ওমর আলী মুন্নাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিছিলটি প্রাণবন্ত হয়ে ওঠে। পুরো কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা যায়।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আয়োজিত এ আনন্দ মিছিলকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে বাড়তি উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তাদের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর আগমন বাগেরহাটের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে।
রিপোর্টার্স২৪/ঝুম