লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসাম বাইপাস সড়ক দখল করে বসা হকারদের উচ্ছেদ এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার কবির রাতুল।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৪টায় লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনও নার্গিস সুলতানার হাতে তিনি এ স্মারকলিপি তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন শওকত আলী, রাসেল মজুমদার, ফয়সাল মাহমুদ, নুরে আলম মিন্টু, আলাউদ্দিন সুমন, সায়েদ শামস, শাহেদ চৌধুরী, মাহবুব আলম সোহাগ, তারেক আজীজ, মহিন, নুরুল ইসলাম মীর, এনামুলসহ অন্যরা।
স্মারকলিপি প্রদান শেষে শাহরিয়ার কবির রাতুল বলেন, “মাননীয় সংসদ সদস্য আবুল কালাম এমপির নির্দেশনায় যানজট নিরসনে আমি আমার সমমনা ব্যক্তিদের নিয়ে সোচ্চার হয়েছি। তবে হকার উচ্ছেদ করা আমার দায়িত্ব নয়। তাই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছি। তিনি উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করলে আমরা সার্বিক সহযোগিতা করব।”
উল্লেখ্য, গত ১ নভেম্বর বিকেলে লাকসাম বাইপাস সড়ক দখল করে ব্যবসা পরিচালনাকারী হকারদের দুই দিনের সময়সীমা বেঁধে দিয়ে রাস্তা থেকে সব ধরনের স্থাপনা সরিয়ে নেওয়ার আহ্বান জানান রাতুল। তাঁর এ ঘোষণার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। অনেকেই যানজট নিরসনে তাঁর উদ্যোগের প্রশংসা করেন।
শাহরিয়ার কবির রাতুল বিএনপির গুম হওয়া নেতা হুমায়ুন কবির পারভেজের ছেলে। তরুণ প্রজন্মের মধ্যে পরিচিতি পাওয়া এ নেতা বিভিন্ন স্থানীয় সমস্যা ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখছেন বলে তাঁর অনুসারীরা জানিয়েছেন।
এদিকে স্মারকলিপি গ্রহণের বিষয়টি নিশ্চিত করলেও উচ্ছেদ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
রিপোর্টার্স২৪/ধ্রুব