রিপোর্টার্স২৪ ডেস্ক: শীতের আগাম সবজির সরবরাহ বাড়তে শুরু করায় রাজধানীর বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। বাজারে আসতে শুরু করেছে শিম, ফুলকপি, বাঁধাকপি ও মুলাসহ নানা ধরনের শীতকালীন সবজি। এতে কয়েকটি সবজির দাম আগের তুলনায় কমেছে। তবে সবজির বাজারে স্বস্তি এখনো পুরোপুরি ফেরেনি। টমেটো, কাঁচামরিচ, গাজর ও গোল বেগুনের মতো কিছু পণ্যের দাম এখনো বেশ চড়া।
অন্যদিকে মাছ ও মাংসের বাজারে তেমন কোনো পরিবর্তন নেই। আগের সপ্তাহের কাছাকাছি দামেই বিক্রি হচ্ছে অধিকাংশ পণ্য। ফলে সবজি কিনতে কিছুটা স্বস্তি মিললেও মাছ-মাংসের বাজারে গিয়ে বাড়তি খরচের চাপ সামলাতে হচ্ছে ক্রেতাদের। সব মিলিয়ে নিত্যপণ্যের বাজারে স্বস্তি ও অস্বস্তি দুই চিত্রই দেখা যাচ্ছে।
শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর উত্তরা ও বাড্ডা এলাকার বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।
বাজার ঘুরে দেখা যায়, শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় কয়েকটি পণ্যের দাম তুলনামূলক কমেছে। তবে কিছু সবজির দাম এখনো সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। বাজারভেদে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। আকারভেদে প্রতি পিস ফুলকপি ৪০ থেকে ৫০ টাকা এবং বাঁধাকপি ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। মুলার দাম কেজিপ্রতি ৪০ থেকে ৬০ টাকা। এ ছাড়া প্রতি কেজি ধুন্দল, ঝিঙা ও মেটে আলু পাওয়া যাচ্ছে ৬০ টাকায়।
বেগুনের দাম জাত ও আকারভেদে প্রতি কেজি ৪০ থেকে ৭০ টাকা। তবে গোল বেগুন কিনতে গুনতে হচ্ছে কেজিপ্রতি ১২০ টাকা। অন্যদিকে টমেটো ও কাঁচামরিচের দাম কেজিপ্রতি ১২০ টাকা করে। গাজর বিক্রি হচ্ছে ১৪০ টাকায়।
শসার ক্ষেত্রেও রয়েছে দামের পার্থক্য। প্রতি কেজি দেশি শসা ৮০ টাকা এবং হাইব্রিড শসা ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া ঢ্যাঁড়শ ও কচুমুখি প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকা, বরবটি, করলা ও কাঁকরোল ৬০ থেকে ৮০ টাকায় পাওয়া যাচ্ছে। প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। পেঁপে কেজিপ্রতি ৩০ টাকা, মিষ্টিকুমড়া ৩০ থেকে ৪০ টাকা এবং আলু ২৫ থেকে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।
উত্তরার আজমপুর সমবায় মার্কেটের সবজি বিক্রেতা আরিফ বলেন, বাজারে শীতকালীন সবজির সরবরাহ এখন অনেক বেড়েছে। এ কারণে বেশ কিছু সবজির দাম আগের তুলনায় কমেছে। বাজারে সরবরাহ আরও বাড়লে সামনের দিনগুলোতে দাম আরও কমতে পারে।
একই বাজারের আরেক বিক্রেতা সোহাগ মিয়া বলেন, শীতের সবজি আসতে শুরু করায় আগের তুলনায় দাম কমেছে। তবে এখনো সব ধরনের শীতকালীন সবজি পুরোপুরি বাজারে আসেনি। সরবরাহ বাড়লে দাম আরও কমবে বলে আশা করা যাচ্ছে। বর্তমানে ফুলকপি ও বাঁধাকপি আকারভেদে প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। কেজি হিসেবে এসব সবজির দাম ৬০ টাকা।
সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও মাছের বাজারে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। আগের সপ্তাহের কাছাকাছি দামেই বিক্রি হচ্ছে অধিকাংশ মাছ। প্রতি কেজি রুই মাছ আকারভেদে ২৮০ থেকে ৩৮০ টাকা, বড় তেলাপিয়া ১৮০ থেকে ২০০ টাকা, সিলভার কার্প ও গ্রাস কার্প ১৮০ থেকে ২০০ টাকা এবং পাঙাশ ১৬০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া কাতলা মাছ প্রতি কেজি ৩৫০ থেকে ৩৮০ টাকা, চাষের কই ২০০ থেকে ২২০ টাকা এবং পাবদা ৩৮০ থেকে ৪২০ টাকায় বিক্রি হচ্ছে। তবে ইলিশের বাজারে এখনো চড়া দাম বহাল রয়েছে। আকার ও মানভেদে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ২ হাজার ৩০০ টাকায়। কোনো কোনো বাজারে বড় আকারের ইলিশের দাম উঠেছে ২ হাজার ৬০০ টাকা পর্যন্ত।
মাছের পাশাপাশি মাংসের বাজারেও দামের তেমন কোনো পরিবর্তন নেই। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৯০ টাকায়। সোনালি মুরগির দাম কেজিপ্রতি ২৪০ থেকে ৩৩০ টাকা। অন্যদিকে গরুর মাংস প্রতি কেজি ৮০০ থেকে ৮৫০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২০০ থেকে ১ হাজার ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। আগের সপ্তাহের তুলনায় এসব পণ্যের দামে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায়নি।
এদিকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজারদরের তথ্যেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের মিশ্র চিত্র উঠে এসেছে। সংস্থাটির ৫ নভেম্বর প্রকাশিত খুচরা বাজারদরের প্রতিবেদন অনুযায়ী, সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজ, কাঁচামরিচ, বেগুন, ফার্মের ডিম, ছোলা, সুগন্ধি পোলাও চাল ও আমদানি করা আদার দাম কমেছে।
অন্যদিকে একই সময়ে প্যাকেট ময়দা, খোলা পাম অয়েল ও চিনির দাম কিছুটা বেড়েছে। তবে অধিকাংশ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আগের সপ্তাহের মতোই অপরিবর্তিত রয়েছে।
সব মিলিয়ে শীতের আগাম সবজির সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারে কিছু পণ্যের দামে স্বস্তি ফিরতে শুরু করেছে। তবে মাছ, মাংসসহ বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্য এখনো ক্রেতাদের বাজেটে চাপ তৈরি করছে। শীতকালীন সবজির সরবরাহ আরও বাড়লে বাজারে স্বস্তি কতটা বিস্তৃত হয়, এখন সেটিই দেখার বিষয়।
রিপোর্টার্স২৪/ঝুম