রিপোর্টার্স২৪ ডেস্ক: সাবেক বিমানবাহিনীর কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তৃতীয় দফায় তিন দিনের পুলিশ রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপকে। রিমান্ডে জিজ্ঞাসাবাদে ঘটনার দিন তাহসিফের সঙ্গে ঘোরাফেরা, বিভিন্ন স্থানে যাতায়াত এবং রেস্টুরেন্টে খাওয়াদাওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তিনি। তবে হত্যাকাণ্ডের বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব কৌশলে এড়িয়ে গেছেন এবং নীরবতা পালন করেছেন বলে দাবি করেছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে ঢাকা মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম শুনানি গ্রহণ করবেন।
পুলিশের আবেদনে বলা হয়, গত ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে তাহসিফকে তার বাসা থেকে ডেকে নিয়ে যান দীপ। পরে তারা একসঙ্গে একটি মোটরসাইকেল গ্যারেজে গিয়ে মোটরসাইকেলের কাজ করান। এরপর জেরিকা তাসনিম দিশাকে সঙ্গে নিয়ে রাজধানীর সিপি ফাইভ স্টারে একাধিকবার নাশতা করেন। ওই দিন রাতে তারা উত্তরা নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে যান। সেখানে তিনজনই বিয়ার ও বুমপান করেন। একপর্যায়ে জেরিকা বাসায় চলে যান।
আবেদনে আরও বলা হয়, ২৮ অক্টোবর রাত ১২টা ৪০ মিনিটের দিকে তাহসিফ ও দীপ টঙ্গীর মাজার বস্তিতে পৌঁছান। সেখান থেকে হেঁটে তুরাগ নদীর তীরবর্তী একটি মাঠে যাওয়ার পর কয়েকজন লোককে দেখে তারা আলাদা হয়ে যান বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন দীপ।
পুলিশের ভাষ্য, সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোনের কললিস্ট পর্যালোচনা ও এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, মৃত্যুর আগে সর্বশেষ তাহসিফকে দীপ ও জেরিকার সঙ্গে দেখা গেছে। তাদের দুজনের সঙ্গে তাহসিফের ঘোরাফেরা এবং বিভিন্ন রেস্টুরেন্টে খাওয়ার তথ্যও পাওয়া গেছে। এ অবস্থায় হত্যাকাণ্ডের সঙ্গে গ্রেপ্তার দুই সন্দেহজনক আসামির কোনো না কোনোভাবে সম্পৃক্ততা রয়েছে বলে তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে রিমান্ডে দীপ মামলার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তদন্তের স্বার্থে সেসব তথ্য গোপন রেখে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে দীপ অত্যন্ত চতুর প্রকৃতির এবং জিজ্ঞাসাবাদে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর কৌশলে এড়িয়ে গেছেন বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।
মামলার সুষ্ঠু তদন্ত, হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে দীপকে কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ। তদন্তের প্রয়োজনে তাকে পুনরায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম