সোমনাথ দে, আনতালিয়া, তুরস্ক: তুরস্কে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ মঙ্গলবার দ্বিতীয় দিনে প্রবেশ করেছে। এদিনের আলোচনায় গুরুত্ব পাচ্ছে জ্বালানি নিরাপত্তা, বিদ্যুতায়ন, বিদ্যুৎ সঞ্চালন অবকাঠামো এবং টেকসই পরিবহন ব্যবস্থা।
সম্মেলনের সূচি অনুযায়ী, মঙ্গলবার দিনব্যাপী প্রায় ৩৭০টি অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে জ্বালানি ও পরিবহনবিষয়ক অধিবেশন রয়েছে প্রায় ১৪০টি।
সম্মেলনের আনুষ্ঠানিক আলোচনা ও উচ্চপর্যায়ের বৈঠকের কেন্দ্র হিসেবে পরিচিত ব্লু জোনে আজারবাইজান, কাজাখস্তান ও উজবেকিস্তানের মধ্যে সবুজ জ্বালানি অংশীদারত্ব নিয়ে একটি মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। পাশাপাশি সবুজ জ্বালানি নিরাপত্তা এবং ইউক্রেনের জ্বালানি খাতের রূপান্তর নিয়ে প্যানেল আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া ভূরাজনৈতিক ঝুঁকির মধ্যে জ্বালানি নিরাপত্তা, জ্বালানি খাতে রূপান্তরের অর্থায়ন এবং নবায়নযোগ্য জ্বালানির অবকাঠামো সম্প্রসারণ নিয়েও বিভিন্ন অধিবেশনে আলোচনা হবে।
অন্যদিকে, সোমবার দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা গ্রিন জোনে টেকসই পরিবহন, পরিচ্ছন্ন জ্বালানিতে বিনিয়োগ এবং শিল্প খাতের কার্বন নিঃসরণ কমানোর বিষয়গুলো গুরুত্ব পাবে।
এ অঞ্চলের নির্ধারিত অধিবেশনগুলোর মধ্যে রয়েছে তুরস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টগের (TOGG) আয়োজনে ‘রিডিফাইনিং সাসটেইনেবল মোবিলিটি’ শীর্ষক আলোচনা। এ ছাড়া টেকসই বিমান জ্বালানি, জ্বালানি সংরক্ষণ এবং পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা নিয়েও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।
সোমবার খাদ্য, কৃষি ও স্বাস্থ্য খাতের ওপর গুরুত্ব দিয়ে কপ-৩১-এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এতে বিভিন্ন দেশের নীতিনির্ধারক, আন্তর্জাতিক সংস্থা, ব্যবসায়ী প্রতিনিধি এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
তুরস্কের আনতালিয়ায় ৯ থেকে ২০ নভেম্বর পর্যন্ত চলবে কপ-৩১। সম্মেলনে বৈশ্বিক কার্বন নিঃসরণ হ্রাস, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অভিযোজন এবং জলবায়ু অর্থায়ন নিয়ে আন্তর্জাতিক আলোচনা ও সমঝোতা এগিয়ে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব