বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে বাসস্ট্যান্ডে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগতির পিকআপের ধাক্কায় সুমন (৪২) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন শেরপুর উপজেলার দুবলাগাড়ি চকপোতা এলাকার আব্দুল মজিদের ছেলে। তিনি দুপচাঁচিয়া শাখায় অগ্রণী ব্যাংকের কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন সুমন। পরে শেরপুর বাসস্ট্যান্ডে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন তিনি। এ সময় ঢাকা-ন-২২-৩২১০ নম্বরের একটি দ্রুতগতির পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পর পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা করতোয়া পরিবহনের আরেকটি গাড়িতে আঘাত করে।
দুর্ঘটনায় গুরুতর আহত সুমনকে উদ্ধার করে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জাকির হোসেন জানান, দুর্ঘটনায় জড়িত পিকআপটি আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
রিপোর্টার্স২৪/রাফিদ