রাজবাড়ী প্রতিনিধি: পদ্মা নদীর এক কাতল মাছ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বিক্রি হয়েছে অর্ধ লক্ষাধিক টাকায়। কাতল মাছটির ওজন ছিল প্রায় ২৩ কেজি। বৃহস্পতিবার ভোরের দিকে ফেরি ঘাটের কাছে পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পরে। পরে সকালে দৌলতদিয়া ঘাট বাজারে স্থানীয় একটি আড়তে নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে কাতল মাছটি কিনেন স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।
স্থানীয় মৎস্যজীবীরা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোররাতের দিকে পদ্মা নদীতে জাল নিয়ে বের হন জেলে লুৎঠফর রহমান ওরফে লুৎফর হালদার। দৌলতদিয়ার ৩ ও ৪ নম্বর ফেরি ঘাটের মাঝামাঝি এলাকায় পদ্মা নদীতে চাপ জাল ফেলেন। কিছুক্ষণ পর জালে বড় ধরনের ঝাঁকি দিলে বুঝতে পারেন বড় কোনো মাছ ধরা পড়েছে। দ্রুত জাল টেনে নৌকায় তুলতেই দেখতে পান বড় একটি কাতল মাছ। এতবড় মাছ দেখতে পেয়ে নৌকায় থাকা জেলেদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়।
পর মুহুর্তে দেরি না করে বিক্রির জন্য নিয়ে আসেন দৌলতদিয়া ফেরি ঘাটে। এ সময় রেজাউল ম-লের আড়তে বিক্রির জন্য আনা হলে ওজন দিয়ে দেখেন কাতলটি প্রায় ২৩ কেজি। পরে নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা ২ হাজার ৪০০ টাকা কেজি দরে কাতলাটি ৫৫ হাজার ২০০ টাকায় কিনেন।
দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাট এলাকার চান্দু মোল্লা মৎস্য আড়তের সত্বাধিকারী মো. চান্দু মোল্লা বলেন, ভোরের দিকে কাতলাটি পাওয়ার জেলে লুৎফর হালদার আমার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন। পরে সকাল ৬টার দিকে রেজাউল ম-লের আড়তে বিক্রির জন্য আনা হলে নিলাম আহ্বান করা হয়।
এ সময় সর্বোচ্চ দরদাতা হিসেবে ২৩ কেজি ওজনের কাতল মাছটি ২ হাজার ৪০০ টাকা কেজি হিসেবে ৫৫ হাজার ২০০ টাকায় কিনে ফেলি। মাছটি কেনার পর আমার নিজের ফেসবুকে ভিডিও ও ছবি পোস্ট করাসহ দেশ-বিদেশে থাকা বিভিন্ন পরিচিত জনদের সঙ্গে যোগাযোগ করতে থাকি। এ সময় ঢাকার গুলশান এলাকার পরিচিত এক বড় ব্যবসায়ী কেজি প্রতি ১০০ টাকা করে লাভে ৫৭ হাজার ৫০০ টাকায় কাতলটি কিনেন। পরে কাতল মাছটি তার দেওয়া ঠিকানা অনুযায়ী সকাল সাড়ে দশটার দিকে ঢাকার পাঠিয়ে দেন।
রিপোর্টার্স২৪/ঝুম