ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে পারিবারিক বিরোধের জেরে সৎ ভাইদের হামলায় কামাল মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহতের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পুরানগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ছোট ভাই সুমেল মিয়া (৩৮) আহত হয়েছেন। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান। নিহত কামাল মিয়া মানিকদী পুরানগাঁও গ্রামের আহাম্মদ মিয়ার ছেলে।
অভিযুক্তরা নিহতের সৎ ভাই ইকবাল মিয়া (২৫), সাহাব (২১), ইউসুফ মিয়া (৩০) ও ইউনুস মিয়া (২৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, ১১ নভেম্বর বুধবার রাতে পারিবারিক একটি বিষয় নিয়ে নিহতের ছোট ভাই সুমেল মিয়ার সঙ্গে তাঁদের সৎ মায়ের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মায়ের পক্ষ নিয়ে সৎ ভাই ইকবাল মিয়া ও সাহাব তাঁকে মারধর করেন। এ সময় ঝগড়া থামাতে এগিয়ে যান সুমেল মিয়র বড় ভাই কামাল মিয়া। মারামারি ফেরাতে অবস্থান নিয়ে সৎ ভাইের মারধরের আঘাতের শিকার হন কামাল। ভাইদের মারধরে তিনি মাটিতে লুটিয়ে পড়েন ও গুরুত্বর আহত হন। এ ঘটনায় সুমেলও আহত হয়েছে।
এ বিষয়ে নিহতের ভাই সুমেল মিয়ার অভিযোগ, ঘটনার প্রথমে মায়ের পক্ষ নিয়ে সৎ ভাই ইকবাল মিয়া ও সাহাব তাঁকে মারধর করেন। পরবর্তীতে তাঁদের আরও দুই সৎ ভাই ইউসুফ ও ইউনুস ঘটনাস্থলে এসে হামলায় যোগ দেন। মারধরের ঘটনার পর স্বজনরা ও স্থানীয়রা আহত কামালকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে অভিযুক্তদের সাথে কথা বলতে চাইলে তাদের বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি। ঘটন্র পর থেকে তারা পলাতক রয়েছে।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, কুলিয়ারচর থানা পুলিশের মাধ্যমে নিহতের বিষয়টি জানতে পারি। হত্যা করা হয়েছে এমন অভিযোগ এখনও পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চলছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
রিপোর্টার্স২৪/ঝুম