ইন্টারন্যাশনাল ডেস্ক: পাকিস্তানশাসিত কাশ্মীরে (পিওকে) সরকারবিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত শক্তি প্রয়োগ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। চলতি মাসের শুরুতে রাওয়ালাকোটে বিক্ষোভকারীদের ওপর ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন বলে দাবি স্থানীয় সূত্রের। তবে বেসরকারি হিসাবে নিহতের সংখ্যা পাঁচ, আহত ১৮ জন।
দীর্ঘদিনের আন্দোলন নিরসনে দুই পক্ষের মধ্যে সমঝোতার কোনো লক্ষণ নেই। বরং গত ৫ নভেম্বরের এ ঘটনায় পাকিস্তান সরকার ও সেনাবাহিনীর বিরুদ্ধে ক্ষোভ আরও বেড়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ও বিশ্লেষকদের আলোচনায় বলা হচ্ছে, অভিযোগ সত্য হলে পাকিস্তানশাসিত কাশ্মীরে বিক্ষোভকারীদের বিরুদ্ধে এটাই প্রথম ড্রোন ব্যবহারের ঘটনা। এর আগে পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানে যুক্তরাষ্ট্র ড্রোন ব্যবহার শুরু করে। পরে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীও তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং বেলুচিস্তানের বিদ্রোহ দমনে ড্রোন ব্যবহার করে।
নিউজলন্ড্রির খবরে বলা হয়েছে, গত ছয় মাসে পাকিস্তানশাসিত কাশ্মীরের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের আরও অবনতি হয়েছে। ২০২২ সাল থেকেই অঞ্চলটিতে অসন্তোষ চলছিল। তবে চলতি বছরের জুন থেকে নিরাপত্তা বাহিনীর গুলিতে হতাহতের ঘটনা আন্দোলনকে আরও ছড়িয়ে দেয়। রাওয়ালাকোট থেকে আন্দোলন ছড়িয়ে পড়ে অঞ্চলটির ১০টি জেলায়।
গণমাধ্যমের ওপর কঠোর বিধিনিষেধ থাকায় হতাহতের প্রকৃত সংখ্যা জানা কঠিন। তবে গত সেপ্টেম্বরে জাতিসংঘের ছয়জন বিশেষ প্রতিবেদকের পাকিস্তান সরকারকে পাঠানো এক চিঠিতে ৯৬ জন নিহত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
গত ৮ নভেম্বর জম্মু-কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি (জেকেজেএএসি) রাওয়ালাকোট, মুজাফফরাবাদ, মিরপুর ও কোটলিসহ বিভিন্ন এলাকায় ধর্মঘটের ডাক দেয়। একই সঙ্গে বিক্ষোভকারীদের ওপর গুলি বন্ধ এবং ২৪ ঘণ্টার মধ্যে আলোচনায় বসার আহ্বান জানায় সংগঠনটি। তবে সরকার তাতে সাড়া দেয়নি।
এর আগে ২০২৫ সালের অক্টোবর ও ২০২৬ সালের মে মাসে কয়েক দফা আলোচনা হলেও আন্দোলনকারীদের মূল দাবিতে সমঝোতা হয়নি।
আন্দোলনের অন্যতম প্রধান দাবি, পাকিস্তানের বিভিন্ন প্রদেশে থাকা ১২টি ‘শরণার্থী আসন’ বিলুপ্ত করা। ১৯৪৭ সালে জম্মু-কাশ্মীর থেকে পাকিস্তানে যাওয়া শরণার্থীদের জন্য এসব আসন নির্ধারণ করা হয়েছিল। প্রতিটি আসনে প্রায় ৪০ হাজার ভোটার থাকলেও নির্বাচিত প্রতিনিধিদের অনেকেরই পাকিস্তানশাসিত কাশ্মীরের সঙ্গে সরাসরি সম্পর্ক নেই। অথচ অঞ্চলটির প্রায় ৪৫ লাখ মানুষের জীবনযাত্রা ও প্রশাসনিক সিদ্ধান্তে তাঁদের প্রভাব রয়েছে। স্থানীয়দের অভিযোগ, এসব প্রতিনিধি পাকিস্তানের কেন্দ্রীয় সরকার, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার স্বার্থ রক্ষা করেন।
২০২৬ সালের নির্বাচনও বিতর্কের জন্ম দিয়েছে। বিক্ষোভ ও নিরাপত্তা বাহিনীর উপস্থিতির মধ্যে তিন ধাপে ভোট অনুষ্ঠিত হয়। সাতটি আসনে নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত রয়েছে। নির্বাচনে প্রত্যাখ্যাত হওয়া ইফতিখার জিলানিকে মনোনীত সদস্য হিসেবে আইনসভায় আনার পর পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ তাঁকে প্রধানমন্ত্রী নির্বাচিত করে। এতে নির্বাচনী সংস্কারের দাবিতে ক্ষোভ আরও বেড়েছে।
এদিকে ২০২২ সালে গমের আটা এবং ২০২৩ সালে বিদ্যুতের ওপর ভর্তুকি প্রত্যাহারও স্থানীয়দের অসন্তোষ বাড়িয়েছে। তাঁদের আশঙ্কা, পাকিস্তানশাসিত কাশ্মীরের স্বতন্ত্র প্রশাসনিক ও রাজনৈতিক পরিচয় বিলীন করে অঞ্চলটিকে পাকিস্তানের সঙ্গে একীভূত করার চেষ্টা চলছে।
সব মিলিয়ে নিরাপত্তা বাহিনীর দমন-পীড়ন, রাজনৈতিক প্রতিনিধিত্বের সংকট ও অর্থনৈতিক অসন্তোষ পাকিস্তান সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। সূত্র: নিউজলন্ড্রি
রিপোর্টার্স২৪/ধ্রুব