মাগুরা প্রতিনিধি: বিশিষ্ট ছড়াকার রোকেয়া খাতুনের প্রয়াণে মাগুরায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পারলা কবির শিশু পার্ক প্রাঙ্গণে এ সভার আয়োজন করে সপ্তক সাহিত্য চক্র।
সপ্তক সাহিত্য চক্রের সভাপতি বিকাশ মজুমদারের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন কবি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, কবি এম এ হাকিম, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, মাজহারুল ইসলাম লিপু, কবি ও সাংবাদিক দীপক চক্রবর্তী এবং প্রয়াত কবির ছেলে সাজ্জাদল ইসলাম বিপু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সপ্তক সাহিত্য চক্রের সাধারণ সম্পাদক শিকদার ওয়ালিউজ্জামান। বক্তারা প্রয়াত রোকেয়া খাতুনের সাহিত্যকর্ম, জীবনাদর্শ ও শিশুদের প্রতি তাঁর ভালোবাসার কথা স্মরণ করেন।
স্মরণসভায় কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোক প্রস্তাব পাঠ এবং পরিবারের সদস্যদের কাছে শোকবার্তা প্রদান করা হয়। এ ছাড়া কবিকে স্মরণ করে ‘স্মৃতির আয়নায়’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে কবি-সাহিত্যিকরা রোকেয়া খাতুনের লেখা ছড়া ও কবিতা আবৃত্তি করেন।
উল্লেখ্য, সাহিত্যাঙ্গনে ছড়াকার রোকেয়া খাতুনের বিশেষ পরিচিতি ছিল। তিনি ছিলেন প্রাণবন্ত ও অসাম্প্রদায়িক চেতনার অধিকারী একজন মহীয়সী নারী। নানা প্রতিকূলতা জয় করে আজীবন সাহিত্যচর্চা ও নিজের স্বপ্ন লালন করেছেন তিনি। শিশুদের প্রতি তাঁর ছিল অপরিসীম ভালোবাসা। সেই ভালোবাসা থেকেই নিজ বাড়ির পাশে গড়ে তোলেন একটি শিশু পার্ক। তাঁর স্বপ্ন ছিল, সেখানে কবিদের মিলনমেলা বসবে এবং শিশুরা খেলাধুলায় মেতে উঠবে।
তাঁর প্রকাশিত ‘ছড়ায় ছড়ায় পড়া’, ‘সবুজের স্বপ্ন’ ও ‘নকশী কাঁথার ফুল’ বইগুলো পাঠকমহলে সমাদৃত হয়।
রিপোর্টার্স২৪/ধ্রুব