রিপোর্টার্স২৪ ডেস্ক: কর্মজীবী মায়েদের সন্তানদের জন্য নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে ‘শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১’ যুগোপযোগী করে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, জনগণের জন্য যা কল্যাণকর, সরকার তাই করতে চায়। একই সঙ্গে নারীদের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে দুই দিনব্যাপী ‘ন্যাশনাল চাইল্ড কেয়ার সামিট ২০২৬’এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের উচ্চশিক্ষার সুযোগ অবারিত করতে নির্বাচনী ইশতেহারে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার অঙ্গীকার করেছেন। পাশাপাশি কর্মজীবী মায়েরা যেন নিশ্চিন্তে ও স্বাচ্ছন্দ্যে তাঁদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সে লক্ষ্যে ইশতেহারের ঘোষণা অনুযায়ী কর্মক্ষেত্রে ডে-কেয়ার সেন্টার নির্মাণ এবং পর্যায়ক্রমে এর সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। চলমান কার্যক্রমের ধারাবাহিকতায় আগামী বছরের মধ্যেই দেশের চাইল্ড কেয়ার ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য উন্নতি ঘটবে বলে আশা প্রকাশ করেন তিনি।
রাষ্ট্রের মৌলিক দায়িত্বের কথা উল্লেখ করে জাহিদ হোসেন বলেন, সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে দেশের নাগরিকদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করাই রাষ্ট্রের অন্যতম প্রধান কাজ। যেকোনো জনকল্যাণমূলক ও ভালো কাজে সরকার প্রয়োজনীয় আর্থিক ও নীতিগত সহায়তা প্রদান করবে। তবে তা সফলভাবে বাস্তবায়নের দায়িত্ব সবার। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের নারীদের কর্মক্ষেত্রে প্রবেশের অন্যতম প্রধান অন্তরায় মানসম্মত চাইল্ড কেয়ার বা শিশু দিবাযত্ন কেন্দ্রের অভাব। তাঁদের উপস্থাপিত পরিসংখ্যান অনুযায়ী, শহরের প্রতি ১০ জন নারীর মধ্যে চারজনই চাইল্ড কেয়ার সুবিধার অভাবে কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারেন না। এ পরিস্থিতি মোকাবেলায় দ্রুত মানসম্মত ডে-কেয়ার সেন্টারের সংখ্যা বাড়ানোর আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে মন্ত্রী অতিথি ও অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পরে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে বাংলা একাডেমি প্রাঙ্গণে চাইল্ড কেয়ারবিষয়ক বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
অনুষ্ঠানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার, বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জ্যঁ পেম, ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তারা, দেশি-বিদেশি প্রতিনিধি, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধি এবং নারী ও শিশু অধিকারকর্মীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ঝুম