রিপোর্টার্স২৪ ডেস্ক: বাল্যবিয়ে ও যৌতুকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে নিকাহ রেজিস্ট্রারদের (কাজি) সতর্ক করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, বাল্যবিয়ে কিংবা যৌতুকের বিয়ে নিবন্ধনের সঙ্গে কোনো কাজি জড়িত থাকলে তার লাইসেন্স বাতিল করা হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা দায়িত্বে অবহেলা বরদাশত করা হবে না।
শনিবার (১৪ নভেম্বর) রাতে লালমনিরহাটের আদিতমারী সরকারি জিএস মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নিকাহ রেজিস্ট্রারদের উদ্দেশে মন্ত্রী বলেন, যৌতুকের বিয়ে কিংবা বাল্যবিয়ে নিবন্ধন করলে সংশ্লিষ্ট কাজিদের লাইসেন্স সরাসরি বাতিল করা হবে। বিয়ের নিবন্ধনের আগে বর-কনের বয়স যথাযথভাবে যাচাই-বাছাই করতে হবে। সব নিয়ম মেনে বিয়ে নিবন্ধন করার পাশাপাশি বিয়ের অনুষ্ঠানেই বর-কনের হাতে কাবিননামা বুঝিয়ে দিতে হবে। এসব নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সভায় সামাজিক অবক্ষয় ও নৈতিক মূল্যবোধের অবনতির বিষয়েও কথা বলেন আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, সুন্দর পোশাক কিংবা আকর্ষণীয় চেহারা দিয়ে একজন মানুষের প্রকৃত পরিচয় নির্ধারণ করা যায় না। অপরাধমুক্ত জীবনযাপন এবং নৈতিকতাসম্পন্ন মানুষই প্রকৃত অর্থে ভালো মানুষ। কিন্তু বর্তমানে সমাজ ও পরিবারে প্রচলিত মূল্যবোধ ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। এ পরিস্থিতিতে শুধু রাস্তাঘাট, সেতু কিংবা অবকাঠামোগত উন্নয়ন করলেই হবে না, মানুষের নৈতিক ও মানবিক বিকাশ নিশ্চিত করাও জরুরি।
সমাজে অর্থসম্পদ দিয়ে মানুষের মর্যাদা নির্ধারণের প্রবণতার সমালোচনা করে মন্ত্রী বলেন, অনেক ক্ষেত্রে অর্থের উৎস বিবেচনা না করেই বিত্তবানদের সামাজিক গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়। এমনকি মসজিদের সভাপতি নির্বাচনের ক্ষেত্রেও অনেক সময় অর্থসম্পদকে প্রাধান্য দেওয়া হয়। কিন্তু সেই অর্থ কোথা থেকে এসেছে, তা যাচাই করা হয় না।
তিনি বলেন, ঘুষ কিংবা মাদক ব্যবসার মাধ্যমে অর্জিত অর্থ দান করে সামাজিক প্রশংসা পাওয়া গেলেও তাতে নৈতিকভাবে মুক্ত হওয়া যায় না। মাদক সেবন ও ইবাদত একসঙ্গে চলতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। এ সময় প্রত্যেককে নিজের বিবেককে সবচেয়ে বড় প্রহরী হিসেবে বিবেচনা করার আহ্বান জানান মন্ত্রী।
‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক আন্দোলনের সদস্যদের উদ্দেশে তিনি আরও বলেন, সংগঠনের কোনো সদস্য মাদক সেবনের সঙ্গে জড়িত থাকলে তার উচিত স্বেচ্ছায় সংগঠন থেকে সরে দাঁড়ানো। সমাজ পরিবর্তনের আন্দোলনে যুক্ত ব্যক্তিদের নিজেদের জীবনেও নৈতিকতা ও শুদ্ধাচারের চর্চা থাকতে হবে বলে তিনি উল্লেখ করেন।
‘আলোকিত লালমনিরহাট’ আন্দোলনের কার্যক্রমের প্রশংসা করে আসাদুল হাবিব দুলু বলেন, এই উদ্যোগের লক্ষ্য ও কার্যক্রম দেখে দেশের বিভিন্ন জেলার জেলা প্রশাসকেরাও লালমনিরহাট পরিদর্শন করেছেন। তারা নিজ নিজ জেলায় এ ধরনের সামাজিক আন্দোলন ছড়িয়ে দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এমন উদ্যোগের মাধ্যমে সমাজ থেকে অপরাধ, মাদক ও নানা ধরনের সামাজিক অবক্ষয় দূর করার প্রচেষ্টা আরও বিস্তৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
‘আলোকিত লালমনিরহাট’-এর আদিতমারী উপজেলা অ্যাকশন কমিটির উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন জেলা কমিটির আহ্বায়ক ও জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, সদস্যসচিব ও পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক, আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা গুঞ্জন বিশ্বাস এবং আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব।
অনুষ্ঠানে উপজেলা অ্যাকশন কমিটির সদস্যদের মধ্যে সংগঠনটির নির্ধারিত পোশাক বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। পরে আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রিপোর্টার্স২৪/ঝুম