স্টাফ রিপোর্টার: দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা মোকাবিলায় রাজপথে থাকবে ১১ দলীয় ঐক্য। তবে সরকারের ঐক্যের আহ্বানে সাড়া দিতে গণভোটের রায় বাস্তবায়ন তাদের প্রধান শর্ত।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।
মামুনুল হক বলেন, দেশের বিভিন্ন জায়গায় বিগত ফ্যাসিবাদী পরাজিত শক্তি জনগণের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি, নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে।
জনমনে আতঙ্ক সৃষ্টি করে তারা নিজেদের প্রকৃত পরিচয় আবারও বাংলাদেশের মানুষ ও বিশ্ববাসীর সামনে তুলে ধরছে।
তিনি বলেন, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে বর্তমান পরিস্থিতিতে করণীয় নির্ধারণ করতে ১১ দল বৈঠকে বসেছে। যেকোনো মূল্যে ফ্যাসিবাদী, বিতাড়িত, পরাজিত ও আধিপত্যবাদী শক্তিকে রুখতে হবে। দেশের জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে অবস্থান করে এই অপশক্তিকে মোকাবিলা করা হবে।
জুলাই বিপ্লবের ঐক্যকে বাংলাদেশের রক্ষাকবচ উল্লেখ করে মামুনুল হক বলেন, জুলাই বিপ্লবে রাজপথে যে ঐক্য গড়ে উঠেছিল, সেটিই বাংলাদেশের রক্ষাকবচ। এই ঐক্যে কোনো ধরনের বিভেদ বা ফাটল তৈরি হলে তা বাংলাদেশকে দুর্বলতার দিকে ঠেলে দিতে পারে। এই ঐক্যের প্রধান ভিত্তি ছিল জুলাই সনদ এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার বাস্তবায়ন।
তিনি বলেন, গণভোটের মাধ্যমে জনগণের যে রায় প্রতিফলিত হয়েছে, তা কার্যকর না করাই বর্তমান পরিস্থিতি সৃষ্টির অন্যতম কারণ। তাই গণভোটের রায় কার্যকর করাসহ জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নের ওপর ১১ দল গুরুত্ব দিচ্ছে।
মামুনুল হক আরও বলেন, নৈরাজ্যের মাধ্যমে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি করে কোনো দেশ বা জাতিকে পরাস্ত করা যাবে, এমনটা যারা মনে করছে, তারা বোকার স্বর্গে বাস করছে। এ ধরনের নৈরাজ্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছে ১১ দল।
বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলা, অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বাংলাদেশি নাগরিকরা প্রাণ হারিয়েছেন। অনেক জায়গায় মানুষের বাড়িঘর ও যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে। এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি ১১ দলের পক্ষ থেকে সহমর্মিতা ও সহানুভূতি প্রকাশ করা হচ্ছে।
তিনি বলেন, সরকারকে কঠোর হাতে নৈরাজ্য দমন করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। একইসঙ্গে জনগণকে সম্মিলিত গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সরকারের ঐক্যের আহ্বান প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মামুনুল হক বলেন, বিরোধীদলীয় নেতা সরকারপ্রধানের ডাকে প্রাথমিক সাড়া দিয়েছেন। ঐক্যের প্রশ্নে সরকারও বিষয়টি অনুভব করছে এবং স্বীকার করছে। তবে ঐক্যের প্রধান ভিত্তি হতে হবে জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর করা।
তিনি বলেন, গণভোটের রায় কার্যকর করা নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ সরকারকে নতুন করে আমলে নিতে হবে। গণরায় উপেক্ষা করার মনোভাব থেকে সরকারকে সরে এসে জনগণকে সঙ্গে নিয়ে নৈরাজ্যের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সাত দফা দাবির বিষয়ে জানতে চাইলে ১১ দলীয় জোটের এ নেতা বলেন, আমরা সাত দফা থেকে কোনোভাবেই সরিনি। এই মুহূর্তে জরুরি পরিস্থিতিতে দেশের পরাজিত শক্তি ও আধিপত্যবাদী শক্তির হাত থেকে দেশকে রক্ষা করাকে আমরা সবকিছুর চেয়ে অগ্রগণ্য মনে করছি।
১১ দলের পরবর্তী কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, নীতিগতভাবে রাজপথে থাকার সিদ্ধান্ত হয়েছে। পরিস্থিতি বিবেচনায় পর্যায়ক্রমে ১১ দলের পক্ষ থেকে ঐক্যবদ্ধ ও দলীয় কর্মসূচি ঘোষণা করা হবে।
প্রশাসনের ভূমিকা নিয়ে মামুনুল হক বলেন, বর্তমান পরিস্থিতিতে প্রশাসনের আরও সচেতন ও কার্যকর ভূমিকা পালন করা জরুরি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে বলে আমরা মনে করি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও সচেতন, সজাগ ও দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করছি।
আওয়ামী লীগ সরকারের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চান না। সরকারের মনোভাব মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারীদের কার্যক্রমে প্রতিফলিত হয়। বর্তমান সরকার বিরোধী মত দমনের ক্ষেত্রে আগের সরকারের মতো কঠোর অবস্থানে না যাওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় ভিন্নতা দেখা যেতে পারে। তবে পরিস্থিতি মূল্যায়নে আরও সময় প্রয়োজন।
বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এতে এলডিপির প্রেসিডেন্ট ডা. কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, এনসিপির প্রতিনিধি নাসীরুদ্দীন পাটওয়ারী, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু, নেজামে ইসলামীর আমির আবদুল কাইয়ুম সুবহানী, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলামসহ বিভিন্ন দলের মহাসচিব ও কেন্দ্রীয় নেতারাও এ বৈঠকে উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব