কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেট, ২৮ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ৭ হাজার ৫৮০ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ আসাদুল মোল্লা (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টা ৩৫ মিনিটে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কবরবাড়ীয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আবদার মেম্বারের বাড়ির উত্তর পাশে পাকা সড়কে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।গ্রেপ্তার আসাদুল মোল্লা কবরবাড়ীয়া গ্রামের মৃত আনসার মোল্লার ছেলে।
এসআরবি সূত্রে জানা গেছে, অভিযানে তার কাছ থেকে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেট, ২৮ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ৭ হাজার ৫৮০ টাকা এবং একটি পুরোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে কুষ্টিয়ার মিরপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব