ঝিনাইদহ প্রতিনিধি: সামান্য বৃষ্টি হলেই কাদায় একাকার হয়ে পড়ে পুরো হাট। চলাচলের রাস্তা থেকে শুরু করে হাটের ভেতরের অধিকাংশ জায়গায় জমে থাকে কাদা ও পানি। দেখে মনে হয়, এটি কোনো হাট নয়, যেন ধান রোপণের মাঠ। এমন বেহাল অবস্থায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের। দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এমন চিত্র ঝিনাইদহ পৌরসভার নতুন হাটখোলার।
সরেজমিনে দেখা যায়, সামান্য বৃষ্টিতেই হাটের বিভিন্ন স্থানে পানি ও কাদা জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। কোথাও জমে আছে পানি, আবার কোথাও কাদার মধ্যে তৈরি হয়েছে যানবাহনের চাকার গভীর দাগ। বাধ্য হয়ে কাদা মাড়িয়ে কেনাকাটা করছেন ক্রেতারা। অন্যদিকে পণ্য নিয়ে দোকানে যাতায়াত ও বেচাকেনা পরিচালনা করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন ব্যবসায়ীরা।
হাটে আসা শহরের আরাপপুর এলাকার ক্রেতা রফিকুল ইসলাম বলেন, বৃষ্টি হলেই হাটের এমন অবস্থা হয়। কাদার মধ্যে দিয়ে চলাচল করতে গিয়ে কাপড় ও জুতা নষ্ট হয়ে যায়। পা পিছলে পড়ে যাওয়ারও আশঙ্কা থাকে।
সবজি বিক্রেতা আব্দুল হালিম বলেন, দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করছি। বৃষ্টি হলেই পুরো হাট কাদায় ভরে যায়। মালামাল নিয়ে দোকানে আসা-যাওয়া করতে খুব কষ্ট হয়। কাদার কারণে অনেক ক্রেতা দোকানে আসতে চান না। ফলে বেচাকেনাও কমে যায়। পৌরসভাকে বারবার জানানোর পরও এতদিন কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
পবহাটি এলাকার বাসিন্দা সেলিনা খাতুন বলেন, নারী ও বয়স্ক মানুষের জন্য এই হাটে চলাচল করা অত্যন্ত কষ্টকর। কোথাও শুকনো জায়গা পাওয়া যায় না। জনদুর্ভোগ কমাতে পৌরসভার দ্রুত হাটের রাস্তাঘাট সংস্কার করা উচিত।
মাছ বিক্রেতা মনির হোসেন বলেন, বৃষ্টি হলেই দোকানের সামনে কাদা জমে থাকে। ক্রেতারা কাদা ঠেলে দোকানে আসতে চান না। দীর্ঘদিন ধরে এ সমস্যা চলছে। আমরা চাই, হাটের রাস্তাগুলো পাকা করার পাশাপাশি পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা করা হোক।
এ বিষয়ে ঝিনাইদহ পৌরসভার সহকারী প্রকৌশলী মো. রাশেদ আলী খান বলেন, নতুন হাটখোলার ভেতরের রাস্তা সংস্কারের জন্য আরইউটিডিপি প্রকল্পের আওতায় একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে কাজের দরপত্রও সম্পন্ন হয়েছে। আগামী সপ্তাহেই কাজ শুরু হবে। আশা করছি, দ্রুতই এ সমস্যার সমাধান হবে।
হাটটি শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক স্থান হওয়ায় প্রতিদিন অসংখ্য মানুষ এখানে কেনাকাটা ও ব্যবসা-বাণিজ্যের জন্য আসেন। তাই ক্রেতা-বিক্রেতাদের দুর্ভোগ লাঘবে দ্রুত সংস্কারকাজ শুরু এবং কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
রিপোর্টার্স২৪/ধ্রুব