আশিস গুপ্ত, আন্তালিয়া : জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে পর্যায়ক্রমে সরে আসা, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় অর্থায়ন এবং পরিচ্ছন্ন জ্বালানির প্রসার এই তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্নে গভীর মতবিরোধের মধ্যেই চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ৩১। দীর্ঘ রাতের উত্তেজনাপূর্ণ দর-কষাকষির পর রবিবার রাত প্রায় দুটো নাগাদ সম্মেলনের নতুন খসড়া সিদ্ধান্তপত্র প্রকাশিত হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত প্রায় ২০০টি দেশের সরকার এই প্রস্তাবে সম্মতি দেবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই গিয়েছে। বিশেষ করে জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে আসার বিষয়ে স্পষ্ট প্রতিশ্রুতি না থাকায় নতুন খসড়াটি পরিবেশবাদী সংগঠন এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলির কাছে কতটা গ্রহণযোগ্য হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
রোববার (২২ নভেম্বর) সকাল ১০টায় পূর্ণাঙ্গ অধিবেশনে (প্লেনারি) নতুন খসড়াটি অনুমোদনের জন্য পেশ করার কথা ছিল। কিন্তু সম্মেলনের শেষ পর্যায়ে বহু দেশের প্রতিনিধি ও সরকারি কর্মকর্তার নিজ নিজ দেশে ফিরে যাওয়ার জন্য বিমান ধরার কারণে প্রয়োজনীয় সংখ্যক প্রতিনিধির উপস্থিতি নিশ্চিত করা নিয়েও সমস্যা তৈরি হয়েছে। সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সদস্যদেশের উপস্থিতি না থাকলে প্রস্তাবটি আইনগতভাবে গ্রহণ করার ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে। ফলে দীর্ঘ আলোচনার পর তৈরি হওয়া সমঝোতার খসড়াটিও শেষ পর্যন্ত অনুমোদিত হবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
নতুন খসড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল, বিদ্যুতের ব্যবহার বাড়ানোর লক্ষ্যে একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা রাখা হয়েছে এবং পরিচ্ছন্ন জ্বালানি ও বিদ্যুৎ সঞ্চয় ব্যবস্থার সঙ্গে তার সম্পর্ক আরও জোরালো করা হয়েছে। ২০৩৫ সালের মধ্যে বিশ্বের মোট চূড়ান্ত জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ৩৫ শতাংশে উন্নীত করার প্রস্তাব রয়েছে।
এর পিছনে মূল যুক্তি হল, পরিবহণ, শিল্প, ভবন এবং অন্যান্য ক্ষেত্রে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে বিদ্যুতের ব্যবহার বাড়ানো গেলে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর সুযোগ তৈরি হবে। তবে বিদ্যুতের উৎপাদন অবশ্যই নবায়নযোগ্য বা পরিচ্ছন্ন জ্বালানি থেকে করতে হবে, এমন বাধ্যবাধকতা খসড়ায় নেই। ফলে বিদ্যুতের ব্যবহার বাড়লেও কয়লা, তেল বা গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন চলতে থাকলে জলবায়ু সুরক্ষার মূল উদ্দেশ্য কতটা পূরণ হবে, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।
সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে জীবাশ্ম জ্বালানি নিয়ে। ২০২৩ সালে দুবাইয়ে অনুষ্ঠিত কপ২৮ সম্মেলনে দেশগুলি প্রথমবারের মতো চূড়ান্ত সিদ্ধান্তে জ্বালানিব্যবস্থায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে পর্যায়ক্রমে সরে আসার প্রয়োজনীয়তা স্বীকার করেছিল। সেই ঐতিহাসিক সিদ্ধান্তের ধারাবাহিকতায় এবারের সম্মেলনেও একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরির দাবি উঠেছিল। কিন্তু নতুন খসড়ায় কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বন্ধ বা পর্যায়ক্রমে কমানোর বিষয়ে সরাসরি কোনও ভাষা রাখা হয়নি। অর্থাৎ, জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার সময়সীমা কিংবা তার বাস্তবায়নের কোনও নির্দিষ্ট পথনির্দেশ এই প্রস্তাবে নেই।
এর আগে সম্মেলনের বিভিন্ন পর্যায়ে একাধিক দেশ জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর জন্য আরও কঠোর ভাষায় অঙ্গীকার অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছিল। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন এবং জলবায়ু পরিবর্তনের কারণে অস্তিত্বের সংকটে থাকা দ্বীপরাষ্ট্রগুলির বক্তব্য ছিল, জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের বিষয়ে স্পষ্ট প্রতিশ্রুতি ছাড়া কোনও চূড়ান্ত চুক্তিই যথেষ্ট হবে না।
অন্যদিকে, তেল ও গ্যাস উৎপাদনকারী দেশগুলি এবং কয়েকটি বড় অর্থনীতির আপত্তির কারণে আলোচনায় অচলাবস্থা তৈরি হয়। শেষ পর্যন্ত ঐকমত্যের স্বার্থে তুরস্কের সভাপতিত্বে তৈরি নতুন খসড়ায় এই বিতর্কিত বিষয়টি কার্যত এড়িয়ে যাওয়া হয়েছে। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনেও বলা হয়েছে, প্রস্তাবিত চুক্তিতে জীবাশ্ম জ্বালানি বা সেগুলি পর্যায়ক্রমে বন্ধ করার বিষয়ে কোনও সরাসরি উল্লেখ নেই।
জলবায়ু অর্থায়নের প্রশ্নটিও এবারের সম্মেলনে অন্যতম বড় সংঘাতের কারণ। উন্নয়নশীল দেশগুলির বক্তব্য, জলবায়ু পরিবর্তনের জন্য ঐতিহাসিকভাবে দায়ী উন্নত দেশগুলিকে অভিযোজন বা অ্যাডাপটেশন কর্মসূচির জন্য অনেক বেশি অর্থ দিতে হবে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, বন্যা, খরা, তাপপ্রবাহ এবং কৃষি উৎপাদনের ক্ষতি মোকাবিলায় দরিদ্র ও ঝুঁকিপূর্ণ দেশগুলির বিপুল অর্থের প্রয়োজন। কিন্তু অর্থায়নের প্রতিশ্রুতি এবং বাস্তবে অর্থ পাওয়ার মধ্যে এখনও বিস্তর ফারাক রয়েছে।
নতুন খসড়ায় ২০৩৫ সালের মধ্যে জলবায়ু অভিযোজনের জন্য অর্থায়ন অন্তত তিন গুণ বাড়ানোর কথা বলা হয়েছে। পাশাপাশি আনতালিয়া থেকে আদ্দিস আবাবা পর্যন্ত একটি বিশেষ রোডম্যাপ তৈরির প্রস্তাব রয়েছে, যার উদ্দেশ্য হবে জলবায়ু অভিযোজন ও দুর্যোগ মোকাবিলার জন্য আরও নির্ভরযোগ্য এবং দীর্ঘমেয়াদি অর্থের উৎস চিহ্নিত করা। কিন্তু এই অর্থায়নের সুনির্দিষ্ট পরিমাণ, কোন বছরকে ভিত্তি ধরে তিন গুণ বৃদ্ধি হিসাব করা হবে এবং উন্নত দেশগুলি কতটা অর্থের দায়িত্ব নেবে, সে বিষয়ে স্পষ্ট নির্দেশ নেই। এর আগে উন্নয়নশীল দেশগুলি ২০৩৫ সালের মধ্যে বছরে ১২০ বিলিয়ন ডলার অভিযোজন অর্থায়নের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছিল। নতুন খসড়ায় সেই নির্দিষ্ট অঙ্কের উল্লেখ না থাকায় ক্ষুব্ধ বহু দেশ।
এদিকে, কার্বন নিঃসরণ কমানোর প্রযুক্তিগত সমাধান হিসেবে কার্বন ক্যাপচার, ইউটিলাইজেশন অ্যান্ড স্টোরেজ বা CCUS-এর প্রসারেও জোর দেওয়া হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে শিল্প ও বিদ্যুৎকেন্দ্র থেকে নির্গত কার্বন ডাই-অক্সাইড সংগ্রহ করে তা ব্যবহার করা অথবা ভূগর্ভে সংরক্ষণ করার পরিকল্পনা রয়েছে।
শিল্পক্ষেত্রে যেখানে কার্বন নিঃসরণ পুরোপুরি বন্ধ করা কঠিন, সেখানে এই প্রযুক্তি কার্যকর হতে পারে বলে এর সমর্থকদের দাবি। তবে পরিবেশবিদদের একাংশের আশঙ্কা, CCUS-এর উপর অতিরিক্ত নির্ভরতা জীবাশ্ম জ্বালানি শিল্পকে আরও দীর্ঘদিন চালিয়ে যাওয়ার সুযোগ করে দিতে পারে। ফলে কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার কমানোর পরিবর্তে প্রযুক্তিগত সমাধানের উপর জোর দেওয়া হচ্ছে কি না, তা নিয়েও বিতর্ক রয়েছে।
সম্মেলনে আরেকটি গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয় হল, বিশ্বের তাপমাত্রা বৃদ্ধিকে শিল্পবিপ্লব-পূর্ব সময়ের তুলনায় ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার লক্ষ্যমাত্রা কার্যত কঠিন হয়ে উঠছে। নতুন খসড়ায় স্বীকার করা হয়েছে, এই লক্ষ্যমাত্রা অতিক্রম করার আশঙ্কা রয়েছে এবং পৃথিবীর অবশিষ্ট কার্বন বাজেট দ্রুত ফুরিয়ে আসছে। প্যারিস জলবায়ু চুক্তির মূল লক্ষ্য ছিল বৈশ্বিক উষ্ণায়ন ২ ডিগ্রি সেলসিয়াসের অনেক নিচে রাখা এবং সম্ভব হলে ১.৫ ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ রাখা। কিন্তু বর্তমান হারে গ্রিনহাউস গ্যাস নির্গমন চলতে থাকলে সেই লক্ষ্য অর্জন ক্রমশ কঠিন হয়ে পড়বে।
ভারতের অবস্থানও এবারের আলোচনায় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ভারত বরাবরই বলে এসেছে, উন্নয়নশীল দেশগুলির জ্বালানি নিরাপত্তা, অর্থনৈতিক বৃদ্ধি এবং দারিদ্র্য দূরীকরণের প্রয়োজনীয়তা বিবেচনা না করে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার জন্য একক কোনও সময়সীমা চাপিয়ে দেওয়া উচিত নয়। ভারতের বক্তব্য, উন্নত দেশগুলি দীর্ঘদিন ধরে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করেছে। তাই জলবায়ু পরিবর্তনের দায় এবং তার মোকাবিলার আর্থিক দায়িত্বের ক্ষেত্রেও ঐতিহাসিক দায়বদ্ধতা বিবেচনা করতে হবে। এই অবস্থানের সঙ্গে নতুন খসড়ায় জীবাশ্ম জ্বালানি সংক্রান্ত সরাসরি অঙ্গীকার বাদ পড়ার বিষয়টি সামঞ্জস্যপূর্ণ। তবে অভিযোজন অর্থায়নের সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা বাদ যাওয়ায় উন্নয়নশীল দেশগুলির উদ্বেগও কমছে না।
আসলে কপ৩১-এর এই অচলাবস্থা জলবায়ু কূটনীতির দীর্ঘদিনের একটি মৌলিক দ্বন্দ্বকে আবার সামনে নিয়ে এসেছে। একদিকে উন্নত দেশগুলি নির্গমন কমানোর জন্য উন্নয়নশীল দেশগুলির উপর চাপ বাড়াতে চায়, অন্যদিকে উন্নয়নশীল দেশগুলি দাবি করছে, পর্যাপ্ত অর্থ, প্রযুক্তি হস্তান্তর এবং ন্যায্য দায়িত্ব বণ্টন ছাড়া তাদের উপর অতিরিক্ত দায় চাপানো যায় না। তার সঙ্গে রয়েছে তেল ও গ্যাস উৎপাদনকারী দেশগুলির অর্থনৈতিক স্বার্থ এবং জীবাশ্ম জ্বালানিনির্ভর শিল্পের প্রভাব।
ফলে শেষ মুহূর্তে তৈরি হওয়া নতুন খসড়াটি আদৌ কোনও ঐতিহাসিক সমঝোতার পথ খুলবে, নাকি জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রশ্নে আরও একটি দুর্বল রাজনৈতিক ঘোষণায় পরিণত হবে, তা নির্ভর করছে সদস্যদেশগুলির চূড়ান্ত অবস্থানের উপর। সম্মেলনের আয়োজক তুরস্ক এবং আলোচনায় নেতৃত্ব দেওয়া দেশগুলির সামনে এখন প্রধান চ্যালেঞ্জ হল, ঐকমত্যের নামে এমন কোনও সিদ্ধান্ত গ্রহণ না করা, যা বাস্তবে পৃথিবীর উষ্ণায়ন কমানোর জরুরি পদক্ষেপগুলিকেই পিছিয়ে দেয়। কারণ জলবায়ু পরিবর্তনের অভিঘাত আর ভবিষ্যতের কোনও আশঙ্কা নয়; তা ইতিমধ্যেই বিশ্বের দরিদ্র, উপকূলবর্তী এবং কৃষিনির্ভর জনগোষ্ঠীর জীবন ও জীবিকাকে বিপন্ন করে তুলেছে।
রিপোর্টার্স২৪/ঝুম