পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে বিএনপির সঙ্গে কাকন বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের গুলিবিদ্ধসহ অন্তত ৮ জন আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার সাড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে৷
আহতরা হলেন- উপজেলার পূর্ব টেংরী এলাকার রিপন খার ছেলে মিজান খা, শেরশাহ রোড এলাকার রওশন আলমের ছেলে রিফাত হোসেন, ঈদগাহ রোড এলাকার পিরু হোসেনের ছেলে রিশাদ হোসেন, শেখপাড়া এলাকার বাবলু হোসেনের ছেলে রবিউল ও মহিদুল ইসলাম। বাকিদের পরিচয় পাওয়া যায়নি।
আহতদের প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু এবং নদীপথের আলোচিত ব্যক্তি কাঁকন বাহিনীর সঙ্গে বিরোধ চলে আসছিল। সন্ধ্যায় পিন্টুর সমর্থকরা আওয়ামীবিরোধী বিক্ষোভ মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিল। এসময় কাকন বাহিনীর সমর্থক শফি ও তার লোকজনদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, এখনও কেউ অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব