কুষ্টিয়া প্রতিনিধি: বিএনপি জনগণের পাশে থেকে রাজনীতি করে, আর পলাতক ফ্যাসিস্টরা লাশের রাজনীতি করে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, হাসপাতাল, মসজিদ ও মন্দিরে অগ্নিসংযোগের মতো ন্যক্কারজনক কর্মকাণ্ডের মাধ্যমে কখনো গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। ফ্যাসিবাদী শক্তি পুরোনো কায়দায় দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তবে দেশের জনগণ যেকোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছে।
আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফর উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক কার্যক্রম পরিদর্শন শেষে মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, বিএনপি সবসময় জনগণের কল্যাণ ও অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে। জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশের মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। অন্যদিকে পলাতক ফ্যাসিবাদী শক্তি রাজনৈতিকভাবে জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হয়ে লাশের রাজনীতি ও সহিংসতার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। হাসপাতাল, ধর্মীয় উপাসনালয় কিংবা জনসাধারণের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা কোনোভাবেই রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। এসব কর্মকাণ্ডের মাধ্যমে গণতন্ত্রের পথ বাধাগ্রস্ত করার চেষ্টা জনগণ মেনে নেবে না।
তিনি আরও বলেন, বিএনপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান কুষ্টিয়ায় আনুষ্ঠানিকভাবে এসব কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। এটি কুষ্টিয়াবাসীর জন্য একটি স্মরণীয় ও ঐতিহাসিক ঘটনা হয়ে থাকবে। সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ, বিশেষ করে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারগুলো সরাসরি উপকৃত হবে।
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর এই সফরে কুষ্টিয়ায় খাল খনন কর্মসূচিরও উদ্বোধন করা হবে। কৃষি ও পরিবেশের উন্নয়ন, পানির সংকট নিরসন এবং জলাবদ্ধতা দূরীকরণে খাল খনন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে এ কর্মসূচি বাস্তবায়িত হলে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ উপকৃত হবেন।
এর আগে মঙ্গলবার দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফর উপলক্ষে জেলায় আসেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। প্রধানমন্ত্রীর সফরকালে জেলায় দুটি খাল খনন কর্মসূচির উদ্বোধনের কথা রয়েছে। এ উপলক্ষে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট খালগুলোর বিভিন্ন পয়েন্ট সরেজমিনে পরিদর্শন করেন এবং সার্বিক প্রস্তুতি ও বাস্তবায়ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে কুষ্টিয়ায় প্রশাসনিক ও দলীয় পর্যায়ে ব্যাপক প্রস্তুতি চলছে। সফর সফল করতে সংশ্লিষ্ট দপ্তর, প্রশাসন এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা সমন্বিতভাবে কাজ করছেন।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, জেলা পরিষদের প্রশাসক সোহরাব উদ্দিনসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রিপোর্টার্স২৪/ঝুম