স্টাফ রিপোর্টার: গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে সম্পর্কের ইতি টানার ঘোষণা দিয়েছেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। দীর্ঘদিনের একসঙ্গে পথচলা, স্মৃতি ও নানা অভিজ্ঞতার পর দুজন আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ন্যান্সি এ কথা জানান।
পোস্টে ন্যান্সি বলেন, মেহেদী ও তিনি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যে পথচলা একসময় তাঁদের কাছে সবকিছু ছিল, তার সমাপ্তি ঘটেছে। দীর্ঘদিনের একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার পর তাঁরা নিজেদের ভবিষ্যৎ আলাদা পথে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এ সময় তাঁদের নিয়ে যাঁরা উদ্বিগ্ন ছিলেন এবং ভালোবাসা দিয়ে পাশে থেকেছেন, তাঁদের সবার কাছে বিষয়টি বোঝার পাশাপাশি তাঁদের ব্যক্তিগত গোপনীয়তা ও সিদ্ধান্তের প্রতি সম্মান জানানোর অনুরোধ জানিয়েছেন ন্যান্সি।
জীবন নিজস্ব গতিতে এগিয়ে যায় উল্লেখ করে তিনি বলেন, জীবনের নতুন এই অধ্যায় শক্তি, মর্যাদা ও মানসিক শান্তির সঙ্গে শুরু করতে চান। সব সময় পাশে থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
২০২১ সালের আগস্টের শেষ সপ্তাহে গীতিকার মহসিন মেহেদীকে বিয়ে করেন ন্যান্সি। ওই বছরের ২ সেপ্টেম্বর বিয়ের খবরটি প্রকাশ্যে আনেন তিনি। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এটি ছিল ন্যান্সির তৃতীয় বিয়ে। গানের সূত্রেই মহসিন মেহেদীর সঙ্গে তাঁর পরিচয়।
এর আগে ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে বিয়ে করেছিলেন ন্যান্সি। ২০১২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। পরে ২০১৩ সালের ৪ মার্চ নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন তিনি। সেই সংসারেও বিচ্ছেদ ঘটে। দাম্পত্যজীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে মহসিন মেহেদীর সঙ্গে নতুন করে সংসার শুরু করেছিলেন সংগীতশিল্পী ন্যান্সি। এবার সেই সম্পর্কের ইতি টানার সিদ্ধান্তের কথা নিজেই জানালেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
রিপোর্টার্স২৪/ধ্রুব