মেহেরপুর প্রতিনিধি: চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে হাসপাতালের স্বাস্থ্যসেবা ব্যাহত হবে বলে মন্তব্য করেছেন মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তারা। তারা বলেন, চিকিৎসকরা যেন নির্ভয়ে দায়িত্ব পালন করতে পারেন এবং রোগীরা নির্বিঘ্নে চিকিৎসাসেবা নিতে পারেন, সে জন্য হাসপাতালের শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি।
গত ২৬ নভেম্বর হাসপাতালে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. মাহবুবুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনার প্রতিবাদে শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতাল চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। হাসপাতাল কর্তৃপক্ষের আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে সভাপতিত্ব করেন হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. আবুল কাশেম।
মানববন্ধনে বক্তারা বলেন, বিভিন্ন কারণে হাসপাতাল থেকে অনেক কনসালট্যান্ট চলে যাচ্ছেন। যারা এখানে আসেন তারা অনেকেই থাকতে চান না। হাসপাতালে চিকিৎসক সংকট প্রকট। হাসপাতালে চিকিৎসকের অনুমোদিত পদ ৪৩টি হলেও কর্মরত আছেন মাত্র ১৩ থেকে ১৪ জন। এত কমসংখ্যক চিকিৎসক দিয়ে বিশাল এ হাসপাতালের সেবা কার্যক্রম পরিচালনা করা কঠিন। প্রকৃত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে প্রয়োজনীয়সংখ্যক চিকিৎসক নিয়োগের পাশাপাশি
চিকিৎসকদের জন্য নিরাপদ ও উপযুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। চিকিৎসকরা এ প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সম্পদ। তাঁদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত না হলে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব নয়।
বক্তারা আরো বলেন,সেবক ছাড়া স্বাস্থ্যসেবা দেওয়া কখনও সম্ভব নয়। জনগণের কাছে আমাদের দাবি জনগণ যেন আমাদের সাথে সুস্থ মস্তিষ্ক নিয়ে আমাদের সাথে আচরণ করেন। কোন চিকিৎসকের উপর যেন চড়াও হয়ে না ওঠেন। চিকিৎসকেরও দায়িত্ব রোগীদের সাথে সুন্দর ব্যবহার করে তার মনের মত চিকিৎসক হয়ে যেন তার সেবা দিতে পারি। সেবা যেন হয় দু'পক্ষেরই। আর আমরা যারা রাজনৈতিক অঙ্গণে আছি তারা সহযোগিতা করবো উভয় পক্ষকে। চিকিৎসককে যেমন আমরা নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করবো, তেমনি রোগীদেরকে আমরা চিকিৎসকের কাছে এনে সু-চিকৎসার ব্যবস্থা করবো।
উল্লেখ্য, গত ২৬ নভেম্বর সকালে মেহেরপুর জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এক মুমূর্ষু রোগীকে ভর্তি ও বেড পাওয়া নিয়ে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. মাহবুবুর রহমানের সঙ্গে বাক্বিতণ্ডায় জড়ান জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের ছোট ভাই রকিবুল ইসলাম রিপন। এ সময় তাঁকে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে।
রিপোর্টার্স২৪/ঝুম