ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে দেশটির নৌবাহিনী। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে ইরানের জনগণের অবস্থান ও বাস্তবতা স্বীকার করার আহ্বান জানিয়েছেন দেশটির নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল শাহরাম ইরানি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ প্রকাশিত এক প্রতিবেদনে নৌবাহিনীর প্রধানের এ বক্তব্য তুলে ধরা হয়। তিনি বলেন, হরমুজ প্রণালি নিয়ে ইরানের অবস্থান স্পষ্ট। যুক্তরাষ্ট্রকে বুঝতে হবে, তাদের ইরানি জাতির অবস্থানকে স্বীকৃতি দিতে হবে।
শাহরাম ইরানি বলেন, অঞ্চলে আগের মতো নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে আঞ্চলিক বাস্তবতাকে মেনে নিতে হবে। একই সঙ্গে যেসব পদক্ষেপ বিভিন্ন দেশের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে, সেগুলো থেকে বিরত থাকতে হবে।
এ সময় মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং সেসব দেশের শাসকদের উদ্দেশ্যে তিনি বলেন, তারা কোন পক্ষের অবস্থানে রয়েছেন, তা অবশ্যই বুঝতে হবে।
বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার আগে বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এ প্রণালি দিয়ে পরিবহন করা হতো।
ফলে হরমুজ প্রণালি বন্ধ থাকার সিদ্ধান্ত আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষ করে এই নৌপথের ওপর নির্ভরশীল দেশগুলোর জন্য পরিস্থিতি নতুন উদ্বেগ তৈরি করেছে।
সূত্র: আল জাজিরা
রিপোর্টার্স২৪/ঝুম