নিজস্ব প্রতিবেদক:
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস আজ (৬ মে) রাজধানীর স্টেট গেস্ট হাউস যমুনায় কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি মি. পল থপিলের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা এবং বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
কানাডীয় প্রতিনিধি দলটির নেতৃত্বে থাকা মি. থপিল দ্বিতীয় বারেরমতো সরকারিভাবে বাংলাদেশ সফরে এসেছেন। তার সঙ্গে রয়েছেন কানাডার বিভিন্ন খ্যাতনামা কোম্পানির শীর্ষ নির্বাহীবৃন্দ, যার মধ্যে রয়েছেন বেল হেলিকপ্টার, ব্ল্যাকবেরি, গিলডান অ্যাক্টিভওয়্যার, জেসিএম পাওয়ার এবং অ্যাডভানটেক ওয়্যারলেস কমিউনিকেশনসের প্রতিনিধি।
বৈঠকে মি. থপিল বলেন, ‘আমরা বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনায় বিশ্বাস করি। সেই কারণেই এই প্রতিনিধি দল নিয়ে এসেছি—আমরা বাণিজ্যিক সম্পর্ক আরো শক্তিশালিভাবে গড়ে তুলতে চাই।’
তিনি অধ্যাপক ইউনুসের নেতৃত্বে সংস্কার উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘আপনারা সাহসী ও প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন। আমরা ইতিবাচক অগ্রগতি দেখতে পাচ্ছি।’
প্রধান উপদেষ্টা ইউনুস বলেন, ‘আমরা বিশৃঙ্খলা পরিষ্কার করছি—মনে হচ্ছিল ১৫ বছর ধরে একটানা ভূমিকম্প চলেছে। সেই দুরূহ পরিস্থিতি থেকে আমরা সংস্কারের মাধ্যমে এগিয়ে যাচ্ছি। এ যাত্রায় আমাদের পাশে বন্ধুর প্রয়োজন—যেমন কানাডা।’
তিনি বাংলাদেশে কানাডীয় বিনিয়োগকারীদের স্বাগত জানিয়ে বলেন, ‘আপনারা এখানে বিনিয়োগ করুন, উৎপাদন করুন এবং এখান থেকে অন্যান্য দেশে রপ্তানি করুন। আমরা আমাদের জনশক্তিকে প্রশিক্ষণ দিতে প্রস্তুত এবং কানাডার ব্যবসায়িক অংশীদার হতে আগ্রহী।’
বৈঠকে প্রধান উপদেষ্টার এসডিজি সমন্বয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।
কানাডীয় প্রতিনিধিদলের অন্য সদস্যদের মধ্যে ছিলেন—বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং, সিনিয়র ট্রেড কমিশনার ডেব্রা বয়েস, বেল হেলিকপ্টারের উইলিয়াম ডিকি, ব্ল্যাকবেরির ব্র্যাড কলওয়েল, এক্সপোর্ট ডেভেলপমেন্ট কানাডার লাডিসলাউয়া পাপারা, গিলডান অ্যাক্টিভওয়্যারের জুয়ান কন্ট্রেরাস, জেসিএম পাওয়ারের মো. আলী এবং অ্যাডভানটেক ওয়্যারলেসের টনি র্যাডফোর্ড।
রিপোর্টার্স২৪/ধ্রুব