আন্তর্জাতিক ডেস্ক:
সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত এমনটা দাবি করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারা। আজ বুধবার পাকিস্তানি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জিও নিউজের খবরে বলা হয়েছে, ভারতের সেনাবাহিনী দুই দেশের মধ্যকার সীমান্ত লাইন অব কন্ট্রোল বা নিয়ন্ত্রণরেখায় (এলওসি) সংলগ্ন চুরা কমপ্লেক্সে সাদা পতাকা উড়িয়েছে বলে জানা গেছে। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন, ‘সাদা পতাকা উড়িয়ে ভারত পরাজয় স্বীকার করেছে।’
পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার তার এক্স অ্যাকাউন্টে পোস্ট করে লিখেন, প্রথমে তারা (হামলার) তদন্ত করা থেকে পালিয়েছিল, এখন তারা (যুদ্ধের) মাঠ থেকে পালিয়ে গেছে।
তিনি বলেন, ‘ভারতীয় গণমাধ্যমেও পাকিস্তানের গুলিতে ভেঙে পড়া ভারতীয় বিমান বাহিনীর ধ্বংসাবশেষ দেখানো হয়েছে। নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি ভারতীয় সেনাবাহিনীর একাধিক পোস্টে সাদা পতাকা উড়তে দেখা গেছে, যা আত্মসমর্পণেরই ইঙ্গিত দেয়।’ পাকিস্তান সেনাবাহিনীর পাল্টা হামলা ও রাতভর অভিযানের পরই এমন পরিস্থিতি তৈরি হয়।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আরও বলেন, ‘ভারতীয় বাহিনী সাধারণ নাগরিকদের ওপর হামলা চালালেও পাকিস্তান সশস্ত্র বাহিনী কেবল সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং সেগুলো ধ্বংস করেছে।’