সিনিয়র রিপোর্টার : গত বছর আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশে ফিরতে পারছেন না ক্রিকেটার সাকিব আল হাসান। তবে অক্টোবরে ভারতের বিপক্ষে টেস্টে বাংলাদেশের হয়ে খেলেছিলেন। ওই সিরিজের সময় জানিয়েছিলেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে খেলে সাদা পোশাকের ক্রিকেট থেকে অবসরে যেতে চান। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়েছে। গ্রেপ্তার এড়াতে তিনি দেশে ফিরছেন না। সম্প্রতি সাকিবকে জাতীয় দলে ফেরাতে আবারো কাজ করছে বিসিবি, এমন গুঞ্জন শোনা যাচ্ছে।
সোমবার ব্যাডমিন্টন ফেডারেশনের এক অনুষ্ঠানে সাংবাদিকদের বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘সাকিব অ্যাভেইলএবল ক্রিকেটার। সাকিব এখনো বাংলাদেশের হয়ে সব সংস্করণ থেকে অবসর নেয়নি। তার সঙ্গে কথা বলব এবং তার সাথে কথা বলার পরে আমরা সিদ্ধান্ত নিতে পারব।’
জাতীয় দলে ফেরানো হবে কি না সাকিবকে? এমন প্রশ্নে তিনি আরও বলেন, ‘আমি আগেও বলেছি, আবারও বলছি, এটা পুরোপুরি নির্ভর করে নির্বাচকদের উপর যারা দল নির্বাচন করে।’
রিপোর্টার্স২৪/আরএইচ