রিপোর্টার্স২৪ ডেস্ক:
২৪-এর আন্দোলনের ন্যায়বিচার নিশ্চিত হলে আর কোনো জালিম এদেশে ফিরে আসবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (০৮ মে) বাদ ফজর আজিমপুর কবরস্থানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত শেষে এ কথা বলেন তিনি।
গণমাধ্যমে সাক্ষাৎকারে আমিরে জামায়াত বলেন, মজলুমের পক্ষ হয়ে জালিমের বিরুদ্ধে লড়ার বাস্তব প্রতীক ছিলেন তিনি। আওয়ামী সরকারের হেনস্তা, ষড়যন্ত্রের শিকার হয়ে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। মজলুমের পক্ষ হয়ে জালিমের বিরুদ্ধে লড়ার বাস্তব প্রতীক ছিলেন তিনি। আইনজীবীরা আব্দুর রাজ্জাকের আদর্শ ধারণ করলে দেশের মানুষ সুবিচার পাবে। কিন্তু বর্তমানে আইনজীবীদের মধ্যে তা দেখা যায় না।
দলের নিবন্ধন ফিরে পাওয়ার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আমরা যেভাবে অত্যাচারের শিকার হয়েছি সেভাবে অন্য কোনো দলের সঙ্গে হয়নি। জামায়াতের নেতাদের ফাঁসি দিয়ে মারা হয়েছে, জেলে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ফ্যাসিস্টের বিরুদ্ধে সুবিচার নিশ্চিতে আইনজীবীদের আব্দুর রাজ্জাকের আদর্শ ধারণ করার পরামর্শ দেন, জামায়াতের আমির শফিকুর রহমান।
এ সময় তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নানসহ লালবাগ, চকবাজার সহ পার্শ্ববর্তী বিভিন্ন থানার আমির, সেক্রেটারিসহ দায়িত্বশীলরা।
রিপোর্টার্স২৪/এসবি