রিপোর্টার্স ইন্টারন্যাশনাল ডেস্ক : বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় ‘গভীর শোক’ প্রকাশ করেছে ভারত ও পাকিস্তানের সরকার।
সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় এক শোকবার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ঢাকায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত ও দুঃখবোধ করছি, যেখানে নিহতের মধ্যে অনেকেই তরুণ শিক্ষার্থী।
তিনি আরও বলেন, পরিবারগুলোর জন্য আমাদের হৃদয় শোকাহত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। বাংলাদেশের প্রতি ভারত সংহতি প্রকাশ করছে এবং সম্ভাব্য সব সহায়তা ও সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।
অন্যদিকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এক শোকবার্তায় বলেন, ঢাকার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর বিমানবাহিনীর একটি জেট বিধ্বস্ত হয়ে মূল্যবান প্রাণহানির ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।
তিনি আরও বলেন, এই শোকের মুহূর্তে বাংলাদেশ সরকার, এর নেতৃত্ব এবং জনগণের প্রতি আমার গভীর সহানুভূতি রইল।
উল্লেখ্য, সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৩ শতাধিক।
রিপোর্টার্স২৪/আরএইচ