নিজস্ব প্রতিবেদক :
এক কোটি নতুন সদস্য সংগ্রহের টার্গেট নিয়ে কার্যক্রম শুরু করতে যাচ্ছে বিএনপি। আগামী ১৫ মে থেকে এ কার্যক্রম শুরু হবে, যা চলবে ১৫ জুলাই পর্যন্ত।
বৃহস্পতিবার (৮ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।
তিনি বলেন, এবার শুধুমাত্র নবায়ন নয়, আগামী ১৫ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত নবায়ন এবং দলের প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান চলবে। এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য দ্রুত গতিতে দেশব্যাপী আমাদের যে টার্গেট, আমরা টার্গেট করেছি প্রায় এক কোটির অধিক এবার প্রাথমিক সদস্য আমরা করব ইনশাল্লাহ।
রুহুল কবির রিজভী বলেন, আপনারা জানেন যে, বিগত আওয়ামী ফ্যাসিবাদী যে দুঃসময় গেছে, সেই দুঃসময় স্বাভাবিকভাবে কোনো রাজনৈতিক কার্যক্রম করা যায়নি। আপনারা দেখেছেন, প্রায় দিনের পর দিন তারা এই দলীয় কার্যালয় আক্রমণ করেছে, আমাদের দলের প্রয়োজনীয় যে জিনিসপত্র থাকে- কম্পিউটার, টাইপ টাইটার, ফ্যাক্স মেশিন ইত্যাদি তারা (আওয়ামী শাসনামলে পুলিশ) ভাংচুর করেছে।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে প্রতিষ্ঠানগুলো আছে, পলিটিক্যাল পার্টিগুলো- এই প্রতিষ্ঠান একটি সুষ্ঠু নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে গড়ে ওঠে। সেই নিয়ম শৃঙ্খলাকে একেবারে পর্যদুস্ত করার জন্য এবং একচ্ছত্র একদলীয় দুঃশাসনকে কায়েম রাখার জন্য তারা বিরোধী দলগুলোর ওপর মুহুর্মুহু আক্রমণ করেছে।
এই দলীয় কার্যালয় কতবার যে ভাংচুর করেছে, তছনছ করেছে, আমাদের দলের ভেতরে কম্পিউটার, দলিল, ফাইল সব রাস্তার মধ্যে ফেলে দিয়েছে। অনেক কিছু তারা এখান থেকে নিয়ে গেছে। সেই পরিস্থিতিতে আবার নতুন করে পুনর্গঠন করা আমাদের জন্য কঠিন ব্যাপার, সেটা আমাদের করতে হচ্ছে। আমাদের দল করতে কত লোক আগ্রহী, সেটাও আমাদের যে সদস্য সংগ্রহ অভিযান চলবে- এই অভিযানের মধ্য দিয়ে জানতে পারব।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবদুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাতসহ আরও অনেকে।
রিপোর্টার্স২৪/আরএইচ