সিনিয়র রিপোর্টার : বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা এখনো মানসিকভাবে বিপর্যস্ত । পূর্বঘোষণা অনুযায়ী সোমবার (২৮ জুলাই) পর্যন্ত বন্ধ থাকবে প্রতিষ্ঠানটি। তবে মঙ্গলবারও প্রতিষ্ঠানটি খুলবে কি না তা নিয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি স্কুল কর্তৃপক্ষ।
শনিবার (২৬ জুলাই) মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম সংবাদ সম্মেলনে বলন, পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল রোববার (২৭ জুলাই) এবং সোমবার স্কুল বন্ধ থাকবে। কবে স্কুল খোলা হবে সে বিষয়টি পরবর্তী জানানো হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা এখনো মানসিকভাবে বিপর্যস্ত। দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীদের স্কুলে এনে কাউন্সেলিং করা হবে। সে পর্যন্ত স্কুলের পক্ষ থেকে সকল অভিভাবকের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এখন পর্যন্ত মাইলস্টোন স্কুলের কোনো শিক্ষার্থী নিখোঁজ নেই ।
এদিকে শনিবার সকালেও স্কুলের সামনে উৎসুক জনতার ভিড় দেখা গেছে। স্কুলের গেটে তালা ঝুলানো আছে। কাউকে স্কুলের ভেতর প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। গত ২১ জুলাই রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজের একটি ভবনের ওপর বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।
রিপোর্টার্স২৪/আরএইচ