রিপোর্টার্স২৪ ডেস্ক:
বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান—এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৮ জুলাই) জাতীয় জাদুঘরের সামনে যুবদলের আয়োজনে গ্রাফিতি আর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশ একসময় বিপর্যস্ত অবস্থায় ছিল। সেই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য তারেক রহমান চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জুলাই আন্দোলনে যুবদলের ৭৯ জন এবং ছাত্রদলের ১৪২ জন শহীদ হয়েছেন—তাদের অবদান ইতিহাসে চিরস্থায়ী হয়ে থাকবে।”
তিনি আরও বলেন, “এই আন্দোলন শুধু একটি দলের ছিল না। শিশু থেকে বৃদ্ধ—সব বয়সী মানুষ অংশগ্রহণ করেছিলেন। সবার সম্মিলিত চেষ্টাতেই স্বৈরাচার বিদায় নিয়েছে।”
বিএনপি মহাসচিব কিছু সমালোচনার কথাও তুলে ধরেন। তিনি বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে জড়িয়ে থাকা কিছু কর্মীর চাঁদাবাজির অভিযোগ দুঃখজনক। এমন আচরণ আন্দোলনের আদর্শকে প্রশ্নবিদ্ধ করে। এভাবে চলতে থাকলে ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হবে।”
তিনি সরকারের সমালোচনা করে বলেন, “প্রকাশ্যে যারা মানুষ হত্যা করেছে, তাদের এখনও গ্রেপ্তার করা হয়নি। একটি বছর পার হয়ে গেছে, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের প্রক্রিয়া কেবল নীরবতা।”
সংস্কার প্রক্রিয়া নিয়ে বিএনপির অবস্থান পরিষ্কার করে মির্জা ফখরুল বলেন, “আমরা সব ধরনের সহযোগিতা করছি, কিন্তু সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। বিএনপিকে চাপে ফেলতে যতই চেষ্টা হোক, দেশের মানুষ লড়াই করতে জানে এবং জানবেও।”
রিপোর্টার্স২৪/ ঝুম