আন্তর্জাতিক ডেস্ক:
রোমান ক্যাথলিক গির্জার প্রয়াত পোপ ফ্রান্সিসের উত্তসূরি হিসেবে নির্বাচিত হয়েছেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট, যিনি পোপ লিও চতুর্দশ নামে পরিচিত হবেন। খবর বিবিসির।
শিকাগোতে জন্মগ্রহণকারী প্রিভোস্টকে একজন সংস্কারক হিসেবে দেখা হয় এবং পেরুতে আর্চবিশপ হওয়ার আগে তিনি বহু বছর ধরে একজন মিশনারি হিসেবে কাজ করেছেন।
ভ্যাটিকানের সিস্টিন চ্যাপেলের চিমনি থেকে সাদা ধোঁয়া বের হয়েছে অর্থাৎ রোমান ক্যাথলিকদের নতুন পোপ নির্বাচিত হয়েছেন জানিয়ে প্রতিবেদনে বলা হয়, কার্ডিনালরা দ্বিতীয় দিনে এসে গোপন ভোটের মাধ্যমে নতুন পোপ নির্বাচন করতে পেরেছেন। এবার দুই দিনে পোপ নির্বাচিত হওয়া আগেরবারের দুই কনক্লেভের (নির্বাচনের প্রক্রিয়া) সময়সীমার সঙ্গে মিলছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজন আমেরিকানের পোপ হওয়াকে ‘মহান সম্মান’ বলে অভিহিত করেছেন।
সেন্ট পিটার্স স্কোয়ারে জড়ো হওয়া হাজার হাজার মানুষ ৬৯ বছর বয়সী প্রিভোস্টকে স্বাগত জানিয়েছে। এসময় ভ্যাটিকান বারান্দা থেকে পোপ বলেন। “আপনাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক।”
বিবিসির দক্ষিণ আমেরিকা সংবাদদাতা আইওন ওয়েলস বলেছেন, পেরুতে অনেকেই নতুন পোপের জন্য গর্বিত। তবে যৌন নির্যাতনের মামলা ধামাচাপা দেওয়ার অভিযোগ তার মুখোমুখি হওয়া চ্যালেঞ্জগুলির মধ্যে একটি হবে।
বিশ্বের বিভিন্ন দেশ ও ধর্মের নেতারা নতুন পোপ লিও চতুর্দশকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, পোপ নির্বাচনের প্রথা অনুযায়ী কনক্লেভের দ্বিতীয় দিন থেকে প্রতিদিন চারবার ভোট দেন কার্ডিনালরা। এবারের কনক্লেভের মাধ্যমে ২৬৭তম পোপ নির্বাচিত হলেন। এ প্রক্রিয়ায় অংশ নিয়েছেন ৭০টি দেশের ১৩৩ জন কার্ডিনাল। যে কার্ডিনালদের বয়স ৮০ বছরের নিচে, প্রথা অনুযায়ী তারাই কেবল নির্বাচনপ্রক্রিয়ায় অংশ নেন। নির্বাচনের সময় তাদের কঠোর গোপনীয়তা মেনে চলতে হয়।
রিপোর্টাস২৪/এসবি