যশোর প্রতিনিধি :
অব্যাহত বর্ষণ ও জোয়ারের চাপে যশোরের অভয়নগরে আতাই নদীর বাঁধ ভেঙে পড়েছে। এতে প্লাবিত হয়েছে সিদ্ধিপাশা ইউনিয়নের শান্তিপুর ও রামনগর গ্রাম। জলাবদ্ধ হয়ে পড়েছে দুই শতাধিক পরিবার।
স্থানীয়রা জানান, সোমবার (২৮ জুলাই) থেকে রিশিপাড়া এলাকায় বাঁধের দুর্বল অংশ দিয়ে পানি ঢুকতে শুরু করে। এতে গ্রামীণ সড়ক, ফসলি জমি ও মাছের ঘের পানির নিচে তলিয়ে যায়।
শান্তিপুর গ্রামের মিলন বিশ্বাস বলেন, “টানা বৃষ্টিতে নদীর পানি কয়েক ফুট বেড়ে গেছে। বাঁধ ভেঙে যাওয়ায় গ্রামে হাঁটুসমান পানি জমে আছে। ঘেরের সব মাছ ভেসে গেছে।”
রামনগরের বাসিন্দা সেলিম রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, “আতাই নদীতে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ থাকলেও কোনো রক্ষণাবেক্ষণ নেই। প্রতি বছর বর্ষায় একই ভোগান্তি পোহাতে হয়। এই বাঁধ টেকসই না করলে আমাদের দুর্ভোগ বন্ধ হবে না।”
সিদ্ধিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম জানান, “আমার ইউনিয়নের দুটি গ্রাম প্লাবিত হয়েছে। উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আলোচনা করে দ্রুত বাঁধ সংস্কারের চেষ্টা চলছে।”
অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পার্থ প্রতিম শীল জানান, “পানি উন্নয়ন বোর্ডকে প্রাথমিক সংস্কারের জন্য বলা হয়েছে। বর্ষা শেষে বাঁধটি টেকসইভাবে পুনর্নির্মাণের পরিকল্পনা রয়েছে।”
.
রিপোর্টার্স২৪/এস