সিনিয়র রিপোর্টার :
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের শপথ নিতে হবে, আমরা কোনোদিনই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দেবো না। আমরা কারও কাছে মাথা নত করবো না। আমরা আমাদের দেশকে নিজেরাই স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তুলবো।
রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ছাত্র সমাবেশে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আমাদের সামনে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে এই বাংলাদেশকে নতুন করে তৈরি করার। সারাদেশ থেকে তরুণ এখানে এসেছেন। এটা অত্যন্ত আনন্দের দিন। একই সঙ্গে কষ্টের দিন। গত বছর এই দিনে আমাদের দেশের মানুষকে হত্যা করছিল আওয়ামী লীগ।
গণঅভ্যুত্থান প্রসঙ্গে ফখরুল বলেন, শুধু ৩৬ দিনের আন্দোলন নয়, গত ১৬ বছর ধরে আমাদের নেতাকর্মীরা জীবন দিয়েছেন, শুধুমাত্র সুন্দর
একটা বসবাসযোগ্য আবাস ভূমি হিসাবে বাংলাদেশকে দেখার জন্য।
তিনি বলেন, আমাদের ছাত্র ভাইয়েরা অনেক রক্ত দিয়েছে। অনেক নির্যাতন সহ্য করেছে, বারবার কারাগারে গিয়েছে। আমার মনে হয়, ছাত্রদলের এমন কোনো ছাত্র ভাই নেই যারা বার বার কারাগারে যায়নি, নির্যাতন সহ্য করেনি।
শেখ হাসিনার বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, আমাদের পাশের দেশে, ভারতবর্ষে ফ্যাসিস্ট শেখ হাসিনা তার লোকবল নিয়ে আশ্রয় নিয়েছেন। সেখান থেকে মাঝেমধ্যেই হুমকি দিচ্ছে যে তারা বাংলাদেশে আক্রমণ করবে। শুধু তাই নয়, এখানে তারা বিভিন্ন গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করছে।
এ সময় তিনি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। সেই নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে এসে অংশগ্রহণ করে বিজয়ী হবেন। সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।
রিপোর্টার্স২৪/এসএন