রিপোর্টার্স২৪ ডেস্ক :
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীতে রাষ্ট্রীয় আয়োজনের সময়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর পাঁচ শীর্ষ নেতা অবস্থান করছেন কক্সবাজারে। সেখানে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি. হাসের সঙ্গে তাদের একটি ‘গোপন বৈঠক’ হয়েছে—এমন খবর ছড়িয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমে। তবে এই বৈঠকের বিষয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাস অবগত নয় বলে জানিয়েছে তারা।
মার্কিন দূতাবাসের মুখপাত্র আশা বে এক প্রতিক্রিয়ায় বলেন, “সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। তিনি এখন একজন বেসরকারি নাগরিক, এবং তিনি কোনো বৈঠকে অংশ নিচ্ছেন কি না, সে বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।”
সূত্র জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, সদস্য খালেদ সাইফুল্লাহ- এই পাঁচ নেতা ঢাকা থেকে কক্সবাজার যান।
তারা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে ইনানীর ‘সী পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা’ (রয়্যাল টিউলিপ) হোটেলে অবস্থান নেন। দুপুরের পর হোটেল প্রাঙ্গণে তাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এরপর থেকেই সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে তাদের বৈঠকের গুঞ্জন ছড়িয়ে পড়ে।
তবে হোটেল কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
এ বিষয়ে জানতে চাইলে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “এটা আমাদের ব্যক্তিগত সফর। পিটার হাসের সঙ্গে বৈঠক সংক্রান্ত যেসব খবর ছড়ানো হচ্ছে, তা পুরোপুরি গুজব। আমরা এমন কোনো বৈঠকের বিষয়ে কিছুই জানি না।”
এনসিপির এই সফর নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন উঠছে। বিশেষ করে, ৫ আগস্ট বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিতব্য ‘জুলাই ঘোষণাপত্র পাঠ’ অনুষ্ঠান থেকে তারা কি তাহলে অনুপস্থিত থাকছেন?—এই প্রশ্নও ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।