ঠাকুরগাঁও প্রতিনিধি: মানবদেহে জিংকের উপকারিতা ও ঘাটতি পূরণে জিংকসমৃদ্ধ ধান চাষ সম্প্রসারণে সচেতনতা বাড়াতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মতবিনিময় সভা হয়েছে। মঙ্গলবার (১২ আগষ্ট) উপজেলা পরিষদ সভাকক্ষে আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউটের হারভেস্টপ্লাস প্রোগ্রামের ‘রিঅ্যাক্টস-ইন’ প্রকল্প এবং আরডিআরএস বাংলাদেশের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাজ্জাদ হোসেন সোহেল। আলোচনায় অংশ নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহাদুজ্জামান সজিব, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজদা-ই জান্নাত, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গুলজার, হারভেস্টপ্লাসের প্রোগ্রাম ম্যানেজার কৃষিবিদ মজিবর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম, প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ শাহিনুল কবির, রিসার্চ অ্যাসোসিয়েট পল্লব গোসামী, টেকনিক্যাল অফিসার রবিউল ইসলাম, রিঅ্যাক্ট-ইন প্রকল্পের টেকনিক্যাল অফিসার মোজাম্মেল শেখ ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহরিয়ার কবির।
সভায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, ইমাম, পুরোহিত, সাংবাদিক ও ব্যবসায়ীসহ প্রায় ৪৫ জন উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, জিংকের অভাবে শিশুদের শারীরিক বৃদ্ধি ব্যাহত হয়, রোগ প্রতিরোধক্ষমতা কমে যায়। এ জন্য জিংকসমৃদ্ধ ধান ও গমের উৎপাদন ও ভোক্তাদের কাছে সহজলভ্য করা জরুরি।
রিপোর্টার্স২৪/ধ্রুব