স্টাফ রিপোর্টার, চট্রগাম : চট্টগ্রাম নগরে জন্মাষ্টমীর শোভাযাত্রায় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শন ও স্লোগান দেওয়ায় ৬ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) দুপুরে আন্দরকিল্লা থেকে বের হওয়া শোভাযাত্রা থেকে প্ল্যাকার্ডসহ তাদের আটক করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জন্মাষ্টমীর শোভাযাত্রা চলাকালীন সময়ে কয়েকজন তরুণ ‘চিন্ময়ের মুক্তি চাইৎ বলে স্লোগান দেন। তৎক্ষণাৎ আইনশৃঙ্খলাবাহিনী তাদের হেফাজতে নেয়। তাদের কাছে ‘চিন্ময়ের মুক্তি চাই’ লেখা সম্বলিত প্লাকার্ডও ছিল।
এ বিষয়ে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম সাংবাদিকদের বলেন, ‘চিন্ময় দাসের মুক্তি চেয়ে লেখা প্ল্যাকার্ডসহ ৬ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জানা গেছে, শোভাযাত্রাটি আন্দরকিল্লা থেকে শুরু হয়ে লালদীঘি, কোতোয়ালি, নিউমার্কেট, রাইফেলস ক্লাব, নন্দনকানন, চেরাগি হয়ে আন্দরকিল্লার জে এম সেন হলে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার পুরো সময়েই ছিল কড়া পুলিশি পাহারা।
এদিকে গত বছরের ২৫ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয়। এর কয়েকদিন পর গত ৩১ অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। এ মামলায় আরও ১৮ জনকে আসামি করা হয়। একই বছরের ২২ নভেম্বর চিন্ময়ের নেতৃত্বে রংপুরে আরও একটি বড় সমাবেশ হয়। এরপর রাষ্ট্রদ্রোহের সেই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে ২৫ নভেম্বর ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রামের আদালত।